২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শরণার্থী সহায়তায় অ্যাপ আনলো জার্মানি

জার্মানিতে আশ্রয় নেওয়া শরণার্থীদের একসঙ্গে করতে নতুন একটি স্মার্টফোন অ্যাপ চালু করেছে জার্মান সরকার। নতুন এই অ্যাপটির নাম দেওয়া হয়েছে 'অ্যানকোমেন', এর অর্থ হচ্ছে পৌঁছানো।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2016, 05:10 PM

Updated : 20 Aug 2022, 11:35 AM

আপাতত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালানো যাবে অ্যাপটি। ইতোমধ্যেই তা গুগল প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে। তবে, খুব শিগগিরই অ্যাপটি আইওএস প্ল্যাটফর্মেও আনা হবে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক মার্কিন সাইট ভার্জ। দেশটির ফেডারেল অফিস ফর মাইগ্রেশন অ্যান্ড রিফিউজিস, ফেডারেল এমপ্লয়মেন্ট এজেন্সি, গটে ইনস্টিটিউট, বেয়ারিশ্চার রান্ডফাঙ্ক, একটি সরকারি রেডিও আর একটি টিভি চ্যানেল মিলে এই অ্যাপটি বানিয়েছে।

এই অ্যাপের জন্য কোনো ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না। আরবী, ইংরেজি, ফার্সি, ফরাসী আর জার্মান ভাষায় ব্যবহার করা যাবে অ্যাপটি। এতে জার্মান ভাষা শেখার একটি বেসিক কোর্স আর আশ্রিতদের চাকরি, প্রশিক্ষণ আর অন্যান্য আবেদনের প্রক্রিয়া বিষয়ে তথ্য দেওয়া আছে। সেইসঙ্গে জার্মান নৈতিকতা, সামাজিক মূল্যবোধ আর জার্মান নয় এমন ব্যাক্তিদের দেশটিতে বাস করতে প্রয়োজনীয় কিছু পরামর্শও দেওয়া হয়েছে অ্যাপটিতে।

২০১৫ সালে ১০ লাখেরও বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে জার্মানি, যাদের মধ্যে অনেকেই সিরিয়া আর আফগানিস্তানের মতো যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে পালিয়ে এসেছেন। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল শরণার্থীদের জন্য তার দেশের দরজা খুলে দিয়েছেন। তবে, নববর্ষ উদযাপনের সময় নারীদের যৌন হয়রানি করার মতো কয়েকটি ঘটনার পর এ বিষয়ে সতর্কতা বাড়িয়েছে দেশটির সরকার।

এসব ঘটনায় ৫শ'র বেশি অভিযোগ দাখিল করা হয়, সন্দেহভাজন হিসেবে ইতোমধ্যে ১৯ জনকে আটক করা হয়েছে। যাদের মধ্যে, ১০ জন শরণার্থী বলে জানিয়েছে জার্মান সরকার। এই ঘটনা শরণার্থীবিরোধী আন্দোলনকে উস্কে দিয়েছে। আইনভঙ্গকারীদের দ্রুত পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছে সরকার।