সাইবার আক্রমণের কবলে নিসান
হ্যাকার দল অ্যানোনিমাসের সাইবার আক্রমণের শিকার হয়েছে জাপানি অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান নিসান-এর প্রধান দুটি সাইট। ক্রমাগত ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস (ডিডিওএস) আক্রমণের কারণে ওই সাইট দুটিকে অফলাইনে নিয়ে যেতে বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি।
নিসান-এর তরফ থেকে জানানো হয়েছে, জানুয়ারির ১৩ তারিখ তাদের সাইটের ট্রাফিক অনেকটা হঠাৎ করেই আশঙ্কাজনক হারে বেড়ে গিয়েছিল। পরে এক টুইট বার্তায় ওই সাইবার হামলার পেছনে তাদের হাত রয়েছে বলে দাবি করে অ্যানোনিমাস। জাপানে তিমি এবং ডলফিন শিকারের শাস্তি হিসেবেই কাজটি করা হয়েছে বলেও দাবি করেছে হ্যাকার দলটি। অন্যদিকে নিসান জানিয়েছে, ওই শিকার কর্মকাণ্ডের সঙ্গে কোনো দিক থেকেই জড়িত নন তারা।
বিষয়টি নিয়ে গত কয়েক সপ্তাহে জাপানিজ প্রেসিডেন্টের ওয়েবসাইট থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন সরকারি বিভাগের সাইটে হামলা চালিয়েছে অ্যানোনিমাস। অন্যদিকে এই ধারাবাহিক সাইবার আক্রমণে নিসান-কে কেন টার্গেট করা হল, সে বিষয়েও জানিয়েছে অ্যানোনিমাস।
এ প্রসঙ্গে অ্যানোনিমাস-এর বক্তব্য হল- “প্রতিষ্ঠানটি জাপানের অন্যতম বড় একটি কর্পোরেশন, এবং আমরা সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বড় বড় কর্পোরেশনকে টার্গেট করছি। কারণ তাইজি-তে ডলফিন ও তিমি হত্যা করা হচ্ছে, সেটি জাপানি সংবাদমাধ্যমগুলো সেন্সর করছে। আর নিসান-এর উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আপনাদের গ্রাহক বা সিস্টেম ডেটার কোনো ক্ষতি করার ইচ্ছা আমাদের নেই।”
নিসান-এর যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ওয়েবসাইট আক্রমণের শিকার হয়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। সাইবার হামলা প্রসঙ্গে নিসান-এর এক মুখপাত্র জানিয়েছে, “নিসান-এর কাছে গ্রাহক ডেটা ও সেগুলোর গোপনীয়তা বেশ গুরুত্বপূর্ণ, এবং আমাদের ইনফরমেশন সিস্টেম-এর যেকোনো সম্ভাব্য ঝুঁকি আমরা বেশ গুরুত্বসহকারে নেই। আরও ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস বা ডিডিওএস আক্রমণের ঝুঁকি থাকায় এবং ভবিষ্যত ঝুঁকি এড়াতে আমরা নিজেদের সাইটগুলোর সেবা বন্ধ রেখেছি। নিসান এ বিষয়গুলোর ব্যাপারে সব সময় নজর রাখে এবং ইনফরমেশন সিস্টেম ও সব ডেটার নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে আক্রমণাত্নক পদক্ষেপ নিয়ে থাকে।”
