‘লেট’স প্লে’ ট্রেডমার্ক পায়নি সনি
ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউব-এর গেইমিং ভিডিওর ক্ষেত্রে বহুল ব্যবহৃত বাক্য ‘লেট’স প্লে’-এর ট্রেডমার্ক পাওয়ার জন্য আবেদন করেছিল সনি কম্পিউটার এন্টারটেইনমেন্ট, কিন্তু প্রতিষ্ঠানটির ওই আবেদন মঞ্জুর করেনি যুক্তরাষ্ট্রের পেটেন্ট অফিস।
বিষয়টি এমন নয় যে গেইমিং ভিডিওর ক্ষেত্রে ব্যবহার করা হয় বলে আবেদন মঞ্জুর করেনি যুক্তরাষ্ট্র পেটেন্ট অফিস। আবেদন মঞ্জুর না করার পেছনের মূল কারণ হচ্ছে অন্য প্রতিষ্ঠানের এ ধরনের একটি ট্রেডমার্ক ইতোমধ্যেই রয়েছে। আবেদনটি মঞ্জুর করলে পরবর্তীতে এ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এমন আশঙ্কা থেকেই সনিকে ‘না’ বলে দিয়েছে যুক্তরাষ্ট্র পেটেন্ট অফিস।
ইউএস পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস (ইউএসপিটিও)-এর প্রকাশিত এক নথিতে জানানো হয়েছে, দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যের মারিয়েটা শহরে ভিডিও গেইমস আর্কেড পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘লেট’জ প্লে অফ আমেরিকা’ (Let’z Play of America) নিজ লোগো-তে অনেক আগে থেকেই ‘লেট’স প্লে’ টেক্সট ব্যবহার করে আসছে। সনির আবেদন করা ‘বাক্য’টির সঙ্গে ওই প্রতিষ্ঠানের ব্যবহৃত বাক্যের যথেষ্ট মিল থাকার কারণে এবং প্রতিষ্ঠান দুটি প্রায় একই কাজে ওই ‘বাক্য’ ব্যবহার করবে এসব বিষয় বিবেচনা করেই আবেদনটি মঞ্জুর করা হয়নি। এতে করে ভোক্তাদের মধ্যেও বিভ্রান্তি সৃষ্টি হওয়ার আশংকা ছিল।
অন্যদিকে এ প্রসঙ্গে বিলেতি দৈনিক ইনডিপেনডেন্ট মন্তব্য করেছে, সনির ওই ট্রেডমার্ক আবেদন যদি মঞ্জুরও করা হত, তাহলেও অনলাইন গেইমিং কমিউনিটি-এর রোষের মুখে পড়ার সম্ভাবনা ছিল প্রতিষ্ঠানটির। কারণ ‘লেট’স প্লে’ বাক্যটি অনলাইন গেইমিং কমিউনিটিতে যথেষ্ট পরিমাণে ব্যবহৃত হয়। এ বাক্যের টাইটেল দিয়ে বিভিন্ন ভিডিও ছাড়া হয়, সেখানে গেইমাররা গেইমটি খেলেন এবং কীভাবে গেইমের কঠিন স্টেজ সহজে পার করতে হয়, তা দেখিয়ে দেন।
