২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পর্কের বাধা ‘ডেটিং অ্যাপ’

সম্পর্কের ক্ষেত্রে প্রতিশ্রুতিতে জড়ানোর ব্যাপারে ব্যবহারকারীদের অনাগ্রহী করে তুলছে জনপ্রিয় ডেটিং অ্যাপগুলো--সতর্কবার্তা জানিয়েছেন বিশেষজ্ঞরা।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2016, 03:53 PM

Updated : 12 Apr 2022, 01:12 AM

গত কয়েক বছরে টিন্ডার ও বাম্বল-এর মতো অনলাইন ডেটিং অ্যাপগুলোর ব্যবহারকারী লক্ষণীয় হারে বেড়েছে। ফলশ্রুতিতে একজন সঙ্গী বা সঙ্গীনির ব্যাপারে ডেটিং অ্যাপগুলোর ব্যবহারকারীদের আগে যে মনোভাব ছিল, তা এখন আর কাজ করছে না। তারা এখন প্রতিনিয়ত নতুন সঙ্গী/সঙ্গীনী খুঁজে বেড়াচ্ছেন। এর অন্যতম কারণ হচ্ছে, ডেটিং অ্যাপগুলো নিজ সেবার মাধ্যমে ক্রমাগত নতুন সঙ্গী/সঙ্গীনী খোঁজার সুযোগ দিচ্ছে।

এ প্রসঙ্গে সাংবাদিক ও টিন্ডার ব্যবহারকারী সিয়াম গুরউইচ বলেন, “অনলাইন ডেটিং এবং টিন্ডার এক বিশেষ সমস্যা তৈরি করছে। আর তা হচ্ছে এদের সেবার ধরনের কারণে ব্যবহারকারীরা এখন আর প্রতিশ্রুতিতে জড়াতে চান না। ব্যবহারকারীরা সবসময় ভাবেন আরও ভালো কোনো সঙ্গী বা সঙ্গীনী রয়েছে। এর ফলে দেখা যায়, সম্পর্কের একদম প্রাথমিক পর্যায়েও মানুষ টিন্ডার-এ নতুন বা আরও ভালো সঙ্গী/সঙ্গীনী খুঁজছেন।”

এ ছাড়াও ডেটিং স্কলার জোয়ি স্ট্রিম্পল আধুনিক ডেটিং অ্যাপকে কেনাকাটার সঙ্গে তুলনা করেন বলে জানিয়েছে বিলেতি দৈনিক ইনডিপেনডেন্ট। এ প্রসঙ্গে তার মন্তব্য হল, “যখন আপনি ভাল কোনো কিছু কেনেন, আপনার স্বার্থ উদ্ধার হওয়ার পর সেটিকে আপনি বাতিলের তালিকায় ফেলে দেন। বর্তমানে টিন্ডার-এর মতো ওয়েব অ্যাপ নিয়েও একই ধরনের সমস্যা তৈরি হয়েছে, কারণ এগুলোও বাতিলের তালিকায় ফেলে দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি করছে।”

অন্যদিকে যুক্তরাজ্যের ডেটিং অ্যাওয়ার্ডস-এর পরিচালক চার্লি লেস্টার মন্তব্য করেছেন, তার ধারণা মানুষ এ সম্পর্কে বুঝতে শুরু করেছে। তিনি আরও বলেন, “মানুষ আরও বাছাইপ্রবণ হয়ে যাচ্ছেন।” তবে গুরউইচ অনলাইন ডেটিংয়ের ব্যাপারে নেতিবাচক মনোভাবই পোষণ করেছেন এবং মানুষের সম্পর্কের বিষয়টিকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য ডেটিং ভার্চুয়াল জগতে নয় বাস্তব জীবনে শুরু হওয়া উচিত বলেই মনে করেন তিনি।