২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিসির বাজারে ধস

‘স্মার্ট’ ডিভাইসের জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী চাহিতা কমেছে পার্সোনাল কম্পিউটার বা পিসির। ২০১৫ সালের শেষ তিন মাসে বিশ্বব্যাপী পিসি সরবরাহ হ্রাস পেয়েছে রেকর্ড মাত্রায়।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2016, 03:51 PM

Updated : 20 Aug 2022, 11:34 AM

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান আইডিসির দেওয়া তথ্য অনুযায়ী, গেল বছরের শেষ তিন মাসে বিশ্বব্যাপী প্রায় ৭ কোটি ২০ লাখ পিসি সরবরাহ করেছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। যা আগের বছরের শেষ প্রান্তিকের তুলনায় ১০.৬ শতাংশ কম। এমনকি আইডিসি ডেটা সংগ্রহ শুরু করার পর থেকে এখন পর্যন্ত এবারই বাজারে পিসির চাহিদা সবচেয়ে কম বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পিসির চাহিদায় এই ধসের পিছনে মূল কারণ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে স্মার্টফোন আর ট্যাবলেটের জনপ্রিয়তাকে। প্রযুক্তিপণ্যের বাজার যেমন ডিভাইসগুলোর দিকে ঝুঁকেছে তেমনি সহজে বহনযোগ্য হওয়ায় ক্রেতারাও ওই দুই ডিভাইসই বেশি কিনছেন।

এই নিয়ে টানা পঞ্চম প্রান্তিকে বিশ্ববাজারে পিসির চাহিদা হ্রাস বজায় থাকলো বলে জানিয়েছে বিবিসি। পিসির সরবরাহ হ্রাসের খবর নিশ্চিত করেছে আরেক বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান গার্টনারও।

ব্যক্তিগত কাজে ব্যবহার হ্রাস পেলেও, ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন দাপ্তরিক কাজে এখনও নিজস্ব অবস্থান ধরে রেখেছে পিসি। এই অবস্থা আরও বেশ কিছুদিন বিদ্যমান থাকবে মন্তব্য করেছে বিবিসি।

অন্যদিকে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের বদৌলতে ২০১৬ সালে পিসির চাহিদা খানিকটা হলেও বাড়বে বলে আশা প্রকাশ করেছে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠানগুলো।