২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমেরিকার হ্যাকার এনএসএ

মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএ দেশটির সরকারের হয়ে ঠিক কী কী কাজ করে সে ব্যাপারে অনেকের মনেই আছে নানা প্রশ্ন আর সন্দেহ। এবার সে সব প্রশ্নের উত্তর দিয়েছেন সংস্থাটির সাবেক প্রধান। “আমরা অন্য মানুষের জিনিস ইন্টারনেট থেকে চুরি করি।”--এভাবেই এনএসএর কর্মকাণ্ডের ব্যাখ্যা দিয়েছেন সংস্থাটির সাবেক প্রধান জেনারেল মাইকেল হেইডেন।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2016, 03:48 PM

Updated : 20 Aug 2022, 11:34 AM

“আর এনএসএর সাবেক প্রধান হিসেবে আমি মনে করি, (এ বিষয়ে) আমরাই বিশ্বের সেরা।”--যোগ করেন তিনি। হেইডেনের দাবি, বিশ্বের সব দেশের সরকারই বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর গুপ্তচরবৃত্তি করে, এক্ষেত্রে এনএসএ কেবল অন্যদের থেকে এগিয়ে আছে!

যুক্তরাষ্ট্রের মায়ামি বিচে আয়োজিত এক সাইবার সিকিউরিটি সম্মেলনে এনএসএর কর্মকাণ্ড নিয়ে ওই গোমর ফাঁস করে দেন হেইডেন। মার্কিন সরকারের সমর্থনে অনৈতিক সাইবার কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে বরাবরই সমালোচিত হয়েছে মার্কিন সরকার।

বিবিসি জানিয়েছে, স্বপক্ষ সমর্থন করে মার্কিন নাগরিকদের উদ্দেশ্য করে হেইডেন আরও বলেন, “আমরা ডেটা চুরি করি আপনাদের নিরাপদ রাখার জন্য। আমরা নিজেদের ধনী করার জন্য ডেটা চুরি করি না। বাকি সব দেশ মনে করে বুদ্ধিবৃত্তিক সম্পদ চুরি করা বৈধ গুপ্তচরবৃত্তির মধ্যে পরে, চীন তার সবচেয়ে বড় উদাহরণ।”

“আমরা কি আর্থিক তথ্য চুরি করি? অবশ্যই করি; রাসায়নিক দ্রব্য, অর্থ পাচার ইত্যাদি। কিন্তু ওই ডেটা দিয়ে কোনো আর্থিক সুবিধা নেই না। আমাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই, চুরি করা ডেটা দিয়ে কী করব আমরা?”

হেইডেনের দাবি, বিশ্বের সব দেশেই কোনো না কোনোভাবে সাইবার গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত। তার মতে, এখানে মূল ইসু হচ্ছে দেশগুলো সাইবার নিরাপত্তা বলতে কী বোঝায় সেটা। আর মার্কিন যুক্তরাষ্ট্র এক্ষেত্রে অনেক বেশি সহনশীল এবং নৈতিকতা মেনে চলে বলে দাবি তার।

সাবেক এনএসএ ঠিকাদার এডওয়ার্ড স্নোডেন বিশ্বনেতাদের উপর গোয়েন্দা সংস্থাটির অনৈতিক গুপ্তচরবৃত্তির গোপন নথি ফাঁস করে দেওয়ার পর ব্যাপক চাপের মুখে পরেছিল এনএসএ এবং মার্কিন সরকার। সেই বিতর্কের রেশ এখনও রয়ে গেছে সাইবার জগতে। সাইবার নিরাপত্তা ইসুতে যুক্তরাষ্ট্র বা এনএসএর নাম উঠলেই এখনও বাঁকা চোখে তাকান অনেকেই।