ফেইসবুক-টুইটার ভুল তথ্যবান্ধব
‘ভুল তথ্য এবং ষড়যন্ত্রমূলক তত্ত্ব’ ছড়াতে ভূমিকা রাখছে ফেইসবুক আর টুইটারের মতো সামাজিক যোগযোগের মাধ্যমগুলো-- সাম্প্রতিক এক গবেষণা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই তথ্য জানিয়েছেন বিশেষজ্ঞরা।
নতুন ওই গবেষণার ফলাফলে বিশেষজ্ঞরা জানিয়েছেন, যে ব্যাপারগুলো মানুষের নিজ মতের সঙ্গে মিলে যায় সেই বিষয়গুলোকেই সত্যি বলে ধরে নেন তারা এবং শেয়ার করেন। তারা খতিয়ে দেখেন না যে বিষয়টি আদৌ সত্যি কি না। ব্যবহারকারীদের এমন আচরণের কারণেই ফেইসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভুল তথ্য এবং ষড়যন্ত্রমূলক তত্ত্ব সহজে ছড়িয়ে পরছে।
গবেষকরা আশা করছেন, যারা নির্ভূল তথ্য শেয়ারে আগ্রহী তাদেরকে এই গবেষণার ফলাফল সাহায্য করবে। এ ছাড়াও গবেষণাটি নির্ভুলভাবে তথ্য শেয়ারের নতুন পথ বের করতে সহযোগিতা করবে বলে জানিয়েছে বিলেতি দৈনিক ইনডিপেনডেন্ট।
গবেষকরা জানিয়েছেন, মানুষের তথ্য বিশ্বাসের ক্ষেত্রে সুনির্দিষ্ট একটি ‘ইকো চেম্বার’ কাজ করে। ‘ইকো চেম্বার’-এর উদাহরণ হিসেবে বলা যায়, মানুষ যে রাজনৈতিক দলকে সমর্থন করে, সেই রাজনৈতিক দলের দেওয়া ভুল তথ্যও তারা বিশ্বাস করে নেন কোনো প্রশ্ন না করেই। কিন্তু যে দলকে সমর্থন করেন না, তাদের দেওয়া সঠিক তথ্যও সহজে বিশ্বাস করেন না। আর যে তথ্য বিশ্বাস করেন, সেগুলোই শেয়ার করেন তারা।
এভাবে ওই ইকো চেম্বার-এর প্রভাবে মানুষ যে ধরনের তথ্য পেতে আগ্রহী, ঠিক সে ধরনের তথ্যই তার কাছে পৌঁছায় এবং এ ধরনের তথ্য সাধারণত একজন ব্যক্তির নিজ ইকো চেম্বার-এর ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। গবেষণার বিষয় হিসেবে অনলাইনে দ্রুত ছড়ায় এরকম দুই ধরনের ইসু বেছে নিয়েছিলেন বিশেষজ্ঞরা; প্রথমটি ভুল তথ্য এবং দ্বিতীয়টি ষড়যন্ত্রমূলক তত্ত্ব।
