‘লিপ ডে’-তে আসছে ভাইভ
চলতি বছর ২৯ ফেব্রুয়ারি থেকে ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট ‘ভাইভ’-এর প্রি-অর্ডার নেওয়া শুরু করবে তাইওয়ানভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসি।
এইচটিসি খুচরা বাজারে ডিভাইসটি সরবরাহ করা শুরু করবে এপ্রিল মাসে। তবে ডিভাইসটির দাম কত হবে তা এখনও জানায়নি প্রতিষ্ঠানটি।
অন্যদিকে অকুলাসের ‘রিফট সিভি১’ হেডসেটের দাম নির্ধারণ করা হয়েছে ৬শ’ ডলার। অকুলাসের উদাহরণ দিয়ে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট-এর মত--দামে খুব একটা পার্থক্য নাও থাকতে পারে ডিভাইস দুটির।
এই ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট ব্যবহার করতে ব্যবহারকারীদের পিসিও যথেষ্ট ‘শক্তিশালী’ হতে হবে। সেই সঙ্গে ভার্চুয়াল দুনিয়ায় চষে বেড়ানোর জন্য বাস্তব জগতে প্রয়োজন হবে একটি বড় ঘর।
২০১৫ সালের মার্চে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এ ‘ভাইভ’ ভিআর হেডসেটের পরীক্ষামূলক সংস্করণ উন্মোচন করে এইচটিসি। পিসি গেইম নির্মাতা ভালভের সঙ্গে জোট বেঁধে হেডসেটটি বানিয়েছে ওই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান।
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-এ জানা যায়-- জায়রোস্কোপ, অ্যাক্সেলেরোমিটার ও লেজার সেন্সরসহ একাধিক সেন্সর থাকবে ‘ভাইভ’-এ। সেন্সরগুলো শুধু ব্যবহারকারীর মাথার নড়াচড়া নয় বরং আশপাশের সবকিছুই ট্র্যাক করবে। দুই চোখের জন্য ১২০০ বাই ১৮০০ পিক্সেলের দুটি আলাদা স্ক্রিন থাকবে ‘ভাইভ’-এ। প্রতি সেকেন্ডে ৯০টি ফ্রেম রিফ্রেশ করতে পারবে স্ক্রিনগুলো। হেডফোনের জন্য রয়েছে অডিও জ্যাক। দুই হাতের জন্য থাকবে আলাদা গেইম কন্ট্রোলার।
