নীতিমালার প্রয়োগ নিয়ে বিপাকে টুইটার
ব্রিটিশ সংবাদমাধ্যম ব্রেইটবার্ট নিউজের সাংবাদিক মিলো ইয়ান্নোপোলোস-এর ‘ভেরিফাইড’ স্ট্যাটাস প্রত্যাহার করে নিয়েছে মাইক্রোব্লগিং সেবা টুইটার।
লাগামছাড়া আর নারীবিদ্বেষী বক্তব্যের জন্য পরিচিত ওই সাংবাদিকের ১ লাখ ৪০ হাজার টুইটার ফলোয়ার রয়েছে। নানা নারীবিদ্বেষী মন্তব্য করে ইয়ান্নোপোলোস একাধিকবার নিন্দিত হয়েছেন বলেও জানিয়েছে সিএনএন।
নারীদের ‘পরাগাছার’ সঙ্গে তুলনা করে ২০১৫ সালে ডিসেম্বরে তিনি টুইট করেছিলেন, “সফল লোকরা যে নারীবাদীদের ঘৃণা করে তা কি আশ্চর্যের কিছু?”
২০১৫ সালের ২৯ ডিসেম্বর ‘হয়রানি ও বিদ্বেষমূলক’ পোস্ট নিয়ে আরও কঠোর অবস্থান নেয় টুইটার, পরিবর্তন আনা হয় মাইক্রোব্লগিং সেবাটির নীতিমালায়। নীতিমালা পরিবর্তনের পরই বাতিল করা হল ইয়ান্নোপোলোস-এর ‘ভেরিফাইড’ স্ট্যাটাস।
শুক্রবার সন্ধ্যায় তার ভেরিফিকেশন প্রত্যাহার করার বিষয়ে টুইটারের পাঠানো মেইলের একটি স্ক্রিনশট পোস্ট করেন তিনি। ওই স্ক্রিনশট আসল বলে জানিয়েছে টুইটার। আর কোনো নীতিমালা লঙ্ঘন করা হলে তাকে এই প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হতে পারে বলে সতর্ক করে দেওয়া হয়েছে তাকে।
টুইটারের ওই পদক্ষেপ নিয়ে সমালোচনা করেছেন অনলাইন পরিবহন সেবা উবার-এর বিনিয়োগকারী জেসন কালাকানিস থেকে শুরু করে ভেঞ্চার ক্যাপিটালিস্ট মার্ক অ্যান্ডারসনসহ সিলিকন ভ্যালির অনেকেই। এই পদক্ষেপ বাকস্বাধীনতা বিরোধী বলে মন্তব্য করেছেন তারা।
এ প্রসঙ্গে ইয়ান্নোপোলোস বলেন, “আমি মনে করি এই প্ল্যাটফর্ম থেকে আমাকে সরিয়ে দিতে এটিই প্রথম ধাপ। বিদ্রূপ আর সমালোচনাকে এখন নির্যাতন আর হয়রানি হিসেবে দেখা হচ্ছে।”
আবার ওই সাংবাদিককে একজন ‘খ্যাতনামা নারীবিদ্বষী হয়রানিকারী’ হিসেবেও উল্লেখ করেছেন এক ব্যবহারকারী। ‘ভেরিফাইড স্ট্যাটাস বাতিল হওয়ার পর ২৪ ঘন্টায় ৭ হাজার নতুন ফলোয়ার পেয়েছেন ইয়ান্নোপোলোস।
সব মিলিয়ে নতুন নীতিমালার কার্যকর প্রয়োগ নিয়ে বেশ বিপাকেই পরেছে টুইটার।
