ড্রোন শঙ্কায় যুক্তরাজ্যের গবেষকরা
উগ্রপন্থী সন্ত্রাসীরা ড্রোন সহজ, সাশ্রয়ী ও কার্যকরী বিস্ফোরক ডিভাইস হিসেবে ড্রোন ব্যবহার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা। লন্ডনভিত্তিক ‘রিমোট কন্ট্রোল প্রজেক্ট’-এর ড্রোনবিষয়ক সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে ওই আশঙ্কার কথা জানান তারা।
প্রতিবেদনে গবেষকরা জানিয়েছেন, ড্রোন নির্মাতাদের উচিত প্রোগ্রাম করে নিজেদের ড্রোনে ‘নো-ফ্লাই’ জোনের জিপিএস অবস্থান বসিয়ে দেওয়া। এ ছাড়া ব্রিটিশ সরকারের উচিত রেডিও ফ্রিকোয়েন্সি জ্যামারবিষয়ক নীতিমালা শিথিল করে যুক্তরাজ্যের নিবন্ধন নীতিমালা আরও দৃঢ় করা। বর্তমানে ব্যক্তিগত ব্যবহারের জন্য যুক্তরাজ্যের যে কোনো ব্যক্তি ২০ কেজির কম ওজনের ড্রোন কিনতে পারেন এবং এ ধরনের প্রচুর ড্রোন বাজারে রয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
গবেষণা প্রতিবেদনটিতে বলা হয়েছে, “ইতোমধ্যেই উগ্রপন্থী, বিদ্রোহী, অপরাধী, কর্পোরেট ও ‘অ্যাক্টিভিস্ট থ্রেট গ্রুপ’ দেখিয়ে দিয়েছে সাধারণ ড্রোনকে কীভাবে আক্রমণ এবং তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করা সম্ভব।” সম্ভাব্য হুমকি মোকাবেলায় কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে প্রসঙ্গে গবেষকরা বেশ কিছু পরামর্শও দিয়েছেন-
১. বাণিজ্যিক ড্রোনের ধারণক্ষমতা কমিয়ে দেওয়া।
২. নিরাপত্তা অ্যালার্ম প্রক্রিয়ার ব্যবস্থা করা যা ‘নো-ফ্লাই’ জোনে ড্রোন প্রবেশ করা মাত্র বেজে উঠবে।
৩. ড্রোনের কার্যক্ষমতা আরও সীমিত করে আনা।
এ ছাড়াও নিজেদের আশঙ্কার স্বপক্ষে বেশ কিছু যুক্তি দেখিয়েছেন গবেষকরা-
১. যুক্তরাষ্ট্রের দূতাবাস ও আইফেল টাওয়ারসহ বেশ কিছু সংখ্যক স্থানে চিহ্নিত করা সম্ভব হয়নি এমন ড্রোন উড়তে দেখা গেছে।
২. লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানুয়ারি ২০১৩ থেকে অগাস্ট ২০১৫-এর মধ্যে ২০টি সন্দেহজনক ড্রোনসংক্রান্ত দূর্ঘটনা লিপিবদ্ধ করেছে।
৩. উগ্রপন্থী সংগঠন ‘আইএস’ প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, দলটি ইরাকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ড্রোন ব্যবহার করছিল।
অন্যদিকে বার্মিংহাম ইউনিভার্সির্টি-এর আন্তর্জাতিক রাজনীতি বিষয়ের অধ্যাপক ডেভিড ডান আশঙ্কা করছেন, নিবন্ধন প্রক্রিয়ার ব্যবস্থা করেও হয়তো উগ্রপন্থীদের ড্রোন ব্যবহার ঠেকানো সম্ভব হবে না।
