২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইওএস আপডেটে নতুন ফিচার

অন্ধকারে যে কোনো ডিভাইসের ডিসপ্লে থাকা আসা উজ্জল নীল আলোর দিকে তাকিয়ে থাকা চোখের জন্য যে বেশ ক্ষতিকর--এটা পুরনো খবর। এই সমস্যা মোকাবেলায় আইওএস-এর নতুন আপডেটে যোগ হচ্ছে ‘নাইট শিফট’সহ আরও বেশ কিছু নতুন ফিচার।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 07:47 PM

Updated : 20 Aug 2022, 11:33 AM

আইওএস ৯.৩-এ আপডেটে থাকছে সম্পূর্ণ নতুন মোড ‘নাইট শিফট’। এই মোডে স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে ডিসপ্লের নীল আলো কমিয়ে আনবে। ফিচারটি স্বয়ংক্রিয়ভাবে আইফোন ব্যবহারকারীর অবস্থান নির্ণয় করবে এবং রাত হওয়ার সঙ্গে সঙ্গেই চালু হয়ে যাবে।

সোমবার আইওএস-এর নতুন আপডেট ৯.৩-এর বেটা সংস্করণ উন্মোচন করা হয়েছে। বর্তমানে সংস্করণটি শুধু ডেভেলপারদেরকেই দেওয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

‘নাইট শিফট’ ছাড়াও বছর শেষে আইফোন ও আইপ্যাড-কে কেন্দ্র করে আরও বেশ কিছু ফিচার নিয়ে আসছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। এর মধ্যে অন্যতম ‘এডুকেশন ফিচার্স’। যেসব শিশু ক্লাসে আইপ্যাড ব্যবহার করে মূলত তাদের জন্যই ওই ফিচার। এর সাহায্যে একটি কেন্দ্রীয় অ্যাকাউন্টের মাধ্যমে শিক্ষক/শিক্ষিকা সব শিক্ষার্থীর আইডি এবং পাঠ্যসূচী নিয়ন্ত্রণ করতে পারবেন।

এ ছাড়াও অ্যাপল বিল্ট-ইন নোটস অ্যাপ-এর প্রত্যেকটি নোটের জন্য যেন পাসওয়ার্ড ও ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা সম্ভব হয়, সেই ধরনের একটি ফিচার নিয়ে আসছে অ্যাপল। ফিচারটির সাহায্যে আইফোন ব্যবহারকারী আর্থিক তথ্য সম্বলিত তালিকা পাসওয়ার্ডের মাধ্যমে নিরাপদে রাখতে পারবেন।

অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে নিউজ অ্যাপের উন্নত ‘পার্সোনালাইজেশন’, অ্যাপল ওয়াচ ও হেলথ অ্যাপ-এর মধ্যে উন্নত সমন্বয় ব্যবস্থা এবং নতুন কারপ্লেবিষয়ক ফিচার। তবে ঠিক কবে নাগাদ আইওএস ৯.৩ আইফোন ব্যবহারকারীদের জন্য ছাড়া হবে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি অ্যাপল।