২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ন্যাপচ্যাটে হোয়াইট হাউজ

এবার ভিডিও মেসেজিং সেবা স্ন্যাপচ্যাটে যোগ দিয়েছে হোয়াইট হাউজ। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম কাজে লাগিয়ে ‘মার্কিন নাগরিকদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার চেষ্টার অংশ’ হিসেবে ওবামা প্রশাসনের সর্বশেষ পদক্ষেপ; হোয়াইট হাউজের ওই স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 05:02 PM

Updated : 20 Aug 2022, 11:33 AM

স্ন্যাপচ্যাটে হোয়াইট হাউজের অ্যাকাউন্টটি চালু হয়েছে সোমবার। “আমরা এখন স্ন্যাপচ্যাটে”--এভাবেই নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে স্ন্যাপচ্যাটে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে হোয়াইট হাউজ।

ওবামা প্রশাসনের পর্দার পেছনের ঘটনাগুলো স্ন্যাপচ্যাটের মাধ্যমে জনসাধারণের কাছে তুলে ধরা হবে বলে জানানো হয়েছে হোয়াইট হাউজের নিজস্ব ওয়েবসাইটে। স্ন্যাপচ্যাটে শুরুতেই ওভাল অফিসের ছোট একটি ‘ভিডিও স্টোরি’ পোস্ট করেছে হোয়াইট হাউজ। তবে ভিডিওটিতে প্রেসিডেন্ট ওবামার উপস্থিতি ছিল না, বরং গুরুত্ব পেয়েছে টেবিলে রাখা আপেল রাখার থালা।

প্রচারণা চালানোর জন্য সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর দিকে ঝুঁকেছে হোয়াইট হাউজ ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। নভেম্বর মাসেই চালু হয়েছে প্রেসিডেন্ট ওবামার নিজস্ব ফেইসবুক পেইজ। তার আগে মে মাসে @POTUS আইডি নিয়ে মাইক্রোব্লগিং সেবা টুইটারেও যোগ দেন তিনি। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর অ্যাকাউন্টগুলো পরিচালনায় সাহায্য করতে প্রেসিডেন্ট ওবামার অধীনে ২০ জন কর্মীর একটি দল কাজ করছে--শোনা যায় এমনটাও।

স্মার্টফোন অ্যাপ হিসেবে ২০১১ সালে যাত্রা শুরু করে স্ন্যাপচ্যাট। ব্যবহারকারীদের পাঠানো ফটো আর ভিডিওগুলো নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যেত বলে শুরুতেই জনপ্রিয়তা পায় অ্যাপটি। পরবর্তীতে ‘স্টোরি’ ফিচার যোগ করে অ্যাপটি। ওই ফিচারে ব্যবহারকারীরা ছোট ছোট ভিডিও করে আদান-প্রদান করতে পারেন যা ২৪ ঘন্টা পর নিজে থেকেই মুছে যায়।

সিনেট জানিয়েছে, স্ন্যাপচ্যাটের প্রতিদিনকার নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটিরও বেশি। স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষের দাবি, ব্যবহারকারীরা প্রতিদিন ৫শ’ কোটিরও বেশিবার বিভিন্ন ভিডিও দেখেন এর মাধ্যমে।