২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রযুক্তির নারীরা যৌন হয়রানির শিকার

প্রযুক্তি খাতে নারী-পুরুয়ের সমান অংশগ্রহন নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের তথ্য-প্রযুক্তিভিত্তিক নতুন ব্যবসা ও আইডিয়ার আঁতুরঘর সিলিকন ভ্যালি যখন উঠে পরে লেগেছে তখন এক গবেষণা প্রতিবেদনে উঠে এল বিপরীত চিত্র। যৌন হয়রানির শিকার হচ্ছেন দেশটির প্রযুক্তিখাতের ৬৫ শতাংশ নারী কর্মী।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 04:59 PM

Updated : 20 Aug 2022, 11:33 AM

প্রযুক্তিখাতে কর্মরত আছেন এমন ২০০ নারীর উপর চালানো এক জরিপের তথ্য অনুযায়ী, ভুক্তভোগী নারীদের মধ্যে ৬৫ শতাংশ তাদের উর্ধতন কর্মকর্তা কর্তৃক যৌন হয়রানির শিকার হয়েছেন।

‘এলিফ্যান্ট ইন দ্য ভ্যালি’ শিরোনামের ওই জরিপটি সবার নজরে নিয়ে এসেছে প্রযুক্তিবিষয়ক সংবাদের সাইট রি/কোড। জরিপটি পরিচালনা করেছেন বাজার বিশ্লেষক মিশেল ম্যাডানস্কি এবং ট্রায়ি ভাসাল্লো।

এনবিসি নিউজ জানিয়েছে, ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম ‘ক্লেইনার পার্কিন্স কফিল্ড অ্যান্ড বায়ার্স’-এর সাবেক অংশীদার ছিলেন ম্যাডানস্কি। লিঙ্গ বৈষম্যের অভিযোগে ওই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামালা করেছিলেন রেডিটের সাবেক প্রধান নির্বাহী এলেন পাও।

নারী কর্মীদের বিভিন্ন বিব্রতকর অভিজ্ঞতা উঠে এসেছে ওই জরিপে। জরিপে অংশগ্রহনকারী এক নারী জানান, শারীরিক সম্পর্ক স্থাপন করলে দ্রুত পদোন্নতি হবে বলে তাকে স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন তার উর্ধতন কর্মকর্তা।

প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে সবার সামনেই উর্ধতন কর্মকর্তা কর্তৃক যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন আরেক নারী কর্মী। মানবসম্পদ বিভাগে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর পর উল্টো তাকেই প্রতিষ্ঠানটি ছাড়তে বলা হয় বলে জানিয়েছেন তিনি।