দাম কমবে ‘রিফট’-এর
সম্প্রতি ‘রিফট’ হেডসেটের ‘সিভি১’ সংস্করণে প্রি-অর্ডার নেওয়া শুরু করেছে ‘ভার্চুয়াল রিয়ালিটি’ (ভিআর) হেডসেট নির্মাতা অকুলাস। ডিভাইসটির দাম ৬শ’ ডলার হওয়ায় আশাহত হয়েছেন অপেক্ষমান ক্রেতাদের অনেকেই। তবে সময়ের সঙ্গে সঙ্গে ডিভাইসটির দাম কমবে বলে জানিয়েছেন অকুলাস প্রতিষ্ঠাতা পামার লাকি।
“আমি এখনও চাই ভিআর ডিভাইস কার্যকর কিন্তু সস্তা হোক। তবে এখানে মান ধরে রাখার একটা ব্যাপার আছে। একটা সময় প্রতিটি কম্পিউটারেই চলবে ভিআর ডিভাইস। টিভি বা মনিটরের মতো পাওয়া যাবে বিভিন্ন দামের ও মানের হার্ডওয়্যার।”--এক রেডিট পোস্টে জানান লাকি।
ঘোষণার ৩ বছর পর বাজারে অভিষেক হল ‘রিফট’ হেডসেট-এর। ডিভাইসটির জন্য যারা এতদিন অপেক্ষা করেছেন তাদের অনেককেই আশাহত করেছে ডিভাইসটির দামে। হেডসেটটির দাম সাড়ে ৩শ’ ডলার হবে--এক সময় এমন ইঙ্গিতও দিয়েছিল অকুলাস।
সত্যি হয়নি অকুলাসের সেই ইঙ্গিত। ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ওই ইঙ্গিতের প্রায় দ্বিগুণ। তার উপর ডিভাইসটির সর্বোচ্চ ব্যবহারের জন্য যে হার্ডওয়্যার প্রয়োজন তা নেই বিশ্বের সিংহভাগ ব্যবহারকারীর পিসিতে। ‘রিফট সিভি১’-এর জন্য ওই হার্ডওয়্যার কিনতে ব্যবহারকারীদের যা খরচ হবে তাও কম নয়, অন্তত দুইশ’ ডলার।
‘দাম বিভ্রাটের’ ব্যাখ্যাও দিয়েছেন লাকি। তিন বছর আগে যখন রিফটের প্রথম প্রোটোটাইপ দেখানো হয়, তারপর প্রযুক্তিপণ্যের জগতে অনেক পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন তিনি। এই প্রযুক্তি এবং এর মাধ্যমে ক্রেতাদের পরিপূর্ণ ভিআর অভিজ্ঞতা দেওয়া সম্পর্কে নতুন অনেক কিছুই শিখেছেন তারা। অন্যদিকে অকুলাস এখন আর বাজারের একমাত্র ভিআর ডিভাইস নির্মাতাও নয়। সব মিলিয়ে পুরো ব্যাপারটি ‘সস্তা ডিভাইসের বাজারজাতকরণের মাধ্যমে বিপ্লব ঘটানো’ তত্ত্বের মতো সহজ নয় বলে মন্তব্য করেছেন তিনি।
