‘অটোপার্ক’ ফিচার আনছে টেসলা
সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি বানিয়ে ইতোমধ্যেই সাড়া জাগিয়েছে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। এবার বৈদ্যুতিক গাড়ির জন্য অভিনব পার্কিং ফিচার আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ‘অটোপার্ক’ নামের ওই ফিচারটির মাধ্যমে চালক গাড়ি থেকে নেমে যাওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে পার্ক হবে গাড়ি।
১০ জানুয়ারী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, নতুন ‘অটোপার্ক’ ফিচার এখন গাড়িতে ব্যবহারের জন্য প্রস্তুত। টেসলা চালকরা চাইলে এখন এটি গাড়িতে ইনস্টল করতে পারবেন। ফিচারটির বদৌলতে চালক গাড়ি থেকে নেমে রিমোট চেপে গাড়ি পার্ক করতে পারবেন। অল্প জায়গা বা সরু স্থানে গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে এই ফিচারটি নির্ভুলভাবে কাজ করবে বলে জানিয়েছে সিএনএন।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইলন মাস্ক এ প্রসঙ্গে বলেন, “বিষয়টি সম্পূর্ণ স্বয়ংক্রিয় গাড়ি তৈরির পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া।” আগামী দুই বছরের মধ্যেই টেসলা চালকরা দেশের যে কোন প্রান্ত থেকে তাদের গাড়ি ডেকে পাঠাতে পারবেন বলে ভবিষ্যদ্বাণীও করেন টেসলা প্রধান।
মাস্ক আরও বলেন, “আপনি যদি নিউ ইয়র্ক-এ থাকেন আর আপনার গাড়ি যদি লস অ্যাঞ্জেলসে থাকে, তাহলেও এটি আপনাকে খুঁজে বের করবে এবং সম্পূর্ণ যাত্রা শেষ করার জন্য নিজেই চার্জ গ্রহন করবে।” তবে বিষয়টির জন্য গাড়িতে আরও বেশি ক্যামেরা এবং রেডার যুক্ত করতে হবে বলে জানিয়েছেন তিনি।
গেল বছরের অক্টোবরে গাড়িতে ‘অটোস্টিয়ার’ ফিচার যুক্ত করেছিল টেসলা। ওই ফিচারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে লেন পরিবর্তন, গতি নিয়ন্ত্রণ এবং বাধা এড়িয়ে চলতে পারে টেসলার গাড়িগুলো। গতির বিষয়টি আরও নিরাপদ করতে সর্বশেষ সফটওয়্যার আপডেটে ‘অটোস্টিয়ার’ ফিচার আরও উন্নত করা হয়েছে বলে জানিয়েছে সিএনএন।
