ইমোজিতে ক্র্যাশ করে হোয়াটসঅ্যাপ!
ইমোজি পাঠিয়ে হোয়াটসঅ্যাপ ক্র্যাশ করানোর উপায় খুঁজে বের করেছেন এক সাইবার নিরাপত্তা গবেষক। বহুল প্রচলিত মেসেজিং অ্যাপটির ওই দুর্বলতার কারণে সাইবার ঝুঁকির মুখে পড়তে পারে ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটাও।
হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণ ব্যবহার থেকে কেউ যদি মেসেজে ৫ হাজার ইমোজি পাঠান তবে ওই মেসেজ দেখার চেষ্টা করলেই ক্র্যাশ করে অ্যাপটির অ্যান্ড্রয়েড সংস্করণ। আর ক্র্যাশ না করলেও ধীর গতির হয়ে যায় অ্যাপটির আইওএস সংষ্করণ।
অ্যাপটি ক্র্যাশ করার পর পুনরায় ব্যবহারের উপায় একটাই; ডিলিট করে দিতে হবে পুরো মেসেজ হিস্টোরি, তারপর খুলতে হবে কনভার্সেশন। আগের সব মেসেজ ডিলিট না করে চালু করা যাবে না অ্যাপটি।
সর্বোচ্চ ৬ হাজার অক্ষরের মেসেজ পাঠানোর নির্দিষ্ট সীমা আছে হোয়াটসঅ্যাপে। অনেক লম্বা মেসেজের কারণে অ্যাপটির গতি হ্রাস ঠেকানোর উদ্দেশ্যেই ওই সীমাবদ্ধতা। তারপরও অক্ষরের সংখ্যা সাড়ে ৪ হাজার পার হলেই গতি হারায় অ্যাপটি।
সাইবার নিরাপত্তা গবেষকরা অ্যাপটির যে দুর্বলতা আবিষ্কার করেছেন তার ভুক্তভোগী হওয়ার আশঙ্কা অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদেরই বেশি। ৫ হাজার ইমোজির মেসেজে আইওএস সংষ্করণ গতির হারালেও ক্র্যাশ করে অ্যান্ড্রয়েড সংস্করণ। আর বিশ্বব্যাপী অ্যান্ড্রয়েড সংস্করণটির ব্যবহারকারীর সংখ্যা ১শ’ কোটিরও বেশি বলে জানিয়েছে ইন্ডিপেনডেন্ট।
অন্যদিকে সাইবার নিরাপত্তা গবেষক ইন্দ্রজিৎ ভূইয়া আশঙ্কা করছেন হোয়াটসঅ্যাপের ওই দুর্বলতার সুযোগ নেবে সাইবার অপরাধী আর অনলাইন হয়রানিকারীরা। “ধরুন কেউ আপনাকে আক্রমণাত্মক মেসেজ পাঠিয়েছিল। অথবা কাউকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল। এরপর ওই আক্রমণকারী প্রমাণ মুছে দেওয়ার জন্য অ্যাপটির ওই দুর্বলতার সুযোগ নিতে পারে। হোয়াটসঅ্যাপ চালু করার জন্য সব মেসেজ ডিলিট করে দিতে হবে ভুক্তভোগীকে।”—এভাবেই নিজের আশঙ্কা ব্যাখ্যা করেন তিনি।
