কোটিতে অ্যাপল মিউজিক
মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের মিউজিক স্ট্রিমিং সেবা ‘অ্যাপল মিউজিক’ চালু হয়েছে মাস ছয়েক হল। আর ছয় মাসেই কোটি সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁয়েছে সেবাটি।
মিউজিক স্ট্রিমিং সেবার বাজারে পুরনো নাম স্পটিফাই। সেই তুলনায় অ্যাপল মিউজিককে নতুনই বলা চলে। স্পটিফাই ১ কোটি সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁয়েছিল ৬ বছরে। অ্যাপল ওই একই মাইলফলক অভিষেকের ৬ মাসের মাথায় ছুঁয়েছে বলে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস।
গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ‘অ্যাপল মিউজিক’ সেবা চালু হওয়ার ২ মাসের মধ্যে ১ কোটি ‘পেইড সাবস্ক্রাইবার’-এর মাইলফলক ছুঁয়েছে অ্যাপল। অ্যাপলের স্ট্রিমিং সেবাটির গ্রাহকদের মাসিক খরচ ১০ ডলার করে। ৬৫ লাখ ব্যবহারকারী সেবাটির ‘পেইড সাবস্ক্রাইবার’ হিসেবে সাইন-আপ করেছেন বলে অক্টোবর মাসে জানিয়েছিলেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক।
যুক্তরাজ্যের বাজারে অ্যাপল মিউজিক গ্রাহকদের খরচ করতে হয় মাসিক ১০ পাউন্ড, আর অস্ট্রেলিয়ার গ্রাহকদের খরচ করতে হয় ১২ ডলার করে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য আর অস্ট্রেলিয়া মিলে স্পটিফাইয়ের ‘পেইড সাইবস্ক্রাইবার’ সংখ্যা এখন ২ কোটি। স্পটিফাইয়ের ‘ফ্রি’ সেবা গ্রাহকের সংখ্যা আরও সাড়ে ৭ কোটি। ২০০৮ সালে যাত্রা শুরু করে ২০১৪ সালের মাঝামাঝি সময়ে ১ কোটি সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করে লন্ডনভিত্তিক মিউজিক স্ট্রিমিং সেবাটি।
ফিনান্সিয়াল টাইমসসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম অ্যাপলের নতুন এই অর্জন নিয়ে সংবাদ প্রকাশ করলেও এ প্রসঙ্গে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে প্রতিষ্ঠানটি।
