অকুলাসের জন্য আসছে ‘ডেস্কটপ বান্ডল’
ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) নির্মাতা অকুলাসের ‘রিফট’ হেডসেট বাজারে আসার পর ডিভাইসটির সর্বোত্তম ব্যবহারের জন্য যথেষ্ট শক্তিশালী পিসি সিংহভাগ ব্যবহারকারীর হাতে নেই বলে চোখ বাঁকিয়েছিলেন অনেকেই।
এমন পরিস্থিতিতে ‘রিফট’ হেডসেটের সঙ্গে প্রয়োজনীয় হার্ডওয়্যার আছে এমন ডেস্কটপ পিসি ‘বান্ডল’ হিসেবে বাজারজাত করার ঘোষণা দিয়েছে পিসি নির্মাতা এলিয়েনওয়্যার ও ডেল।
‘রিফট’ বাজারে আসার আগে অকুলাসের পক্ষ থেকে বলা হয়েছিল, হেডসেট আর পিসি মিলিয়ে ক্রেতাদের কম-বেশি ১৫শ’ ডলার করে খরচ করতে হতে পারে। অকুলাসের ওই ভবিষ্যদ্বাণীর কাছাকাছিই আছে এলিয়েনওয়্যার আর ডেলের বান্ডল প্যাকেজ, সব মিলিয়ে ওই প্যাকেজের দাম পড়বে ১৬শ’ ডলার।
হার্ডওয়্যার বিবেচনায় এলিয়েনওয়্যার এক্স৫১ আর৩ এবং ডেলের এক্সপিএস৮৯০০ ‘আইডেন্টিকাল’ বলে জানিয়েছে ইয়াহু টেক। উভয় পিসিতেই আছে ইনটেল কোর আই৫-৬৪০০ ৩.৩ গিগাহার্টজ প্রসেসর, ৪ জিবি এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ৯৭০ গ্রাফিক্স কার্ড, ৮ জিবি ডিডিআর৪ র্যাম এবং ১ টেরাবাইটের হার্ডডিস্ক। উভয় পিসি চলবে উইন্ডোজ ১০ হোম অপারেটিং সিস্টেমে।
বান্ডল বাদে বাজারে উভয় পিসির দাম ১২শ’ মার্কিন ডলার। আর ‘রিফট সিভি১’ হেডসেটের দাম ৬শ’ মার্কিন ডলার। এক্ষেত্রে বান্ডল হিসেবে কিনলে ক্রেতার কম-বেশি ২শ’ ডলার বাঁচবে। যারা আলাদাভাবে রিফটের জন্য প্রি-অর্ডার দিয়ে বসেছেন, তাদেরকেও পিসি দুটির জন্য ২শ’ ডলারের ডিসকাউন্ট দেওয়ার কথা ভাবছে নির্মাতা প্রতিষ্ঠান দুটি--শোনা যাচ্ছে এমনটাও।
