ম্যাক-এর জন্য ফেইসবুক মেসেঞ্জার?
স্মার্টফোনে দৃঢ় অবস্থান তৈরি করতে পারলেও, ডেস্কটপে এখনও তেমন একটা সুবিধা কর উঠতে পারেনি কোনো মেসেজিং অ্যাপই। ঠিক এরকম একটি সময়েই গুজব ছড়িয়েছে, ম্যাক-এর জন্য নিজেদের মেসেঞ্জার অ্যাপের সংস্করণ তৈরি করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক।
বিষয়টিকে গুজব হিসেবে ধরা হলেও, এর সত্যি হওয়ার সম্ভাবনাকে ঠিক উড়িয়ে দেওয়াও যাচ্ছে না। কারণ সম্প্রতি প্রযুক্তিবিষয়ক টেকক্রাঞ্চ, ম্যাক-এর জন্য নির্মিত ওই ফেইসবুক মেসেঞ্জার অ্যাপের ছবি প্রকাশ করেছে ও বিস্তারিত সম্পর্কে জানিয়েছে। আর ফেইসবুক-এর আগেও উইন্ডোজকে কেন্দ্র করে এ ধরনের পদক্ষেপ নিয়েছিল। কিন্তু ওই অ্যাপটি সফলতার মুখ দেখেনি বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। সে দিক থেকে বলা চলে, এরকম আরেকটি উদ্যোগ সম্ভবত নিতেই পারে প্রতিষ্ঠানটি।
এ ছাড়াও ফেইসবুক সবসময়ই নিজেদের মেসেঞ্জার অ্যাপটিকে ভিন্নধর্মী প্লাটফর্ম হিসেবে পরিণত করতে চেয়েছে। মেসেঞ্জারকে ফেইসবুক নির্ভরশীল করার বদলে অ্যাপটিতে এমন সব ফিচার যোগ করেছে প্রতিষ্ঠানটি, যাতে করে এর জন্য ফেইসবুক আইডি বাদে অন্য তেমন আর কোনো কিছুর প্রয়োজন না পড়ে।
সবমিলিয়ে একে একদিকে যেমন গুজব বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তেমনি ফেইসবুক মুখ না খোলায় বিষয়টিকে সত্য বলেও ধরা সম্ভব হচ্ছে না।
এ প্রসঙ্গে এনগ্যাজেট-এর মন্তব্য হচ্ছে, হতে পারে বিষয়টি শুধুই একটি পরীক্ষা, সেজন্যই মুখ খুলছে না ফেইসবুক। আবার হতে পারে আসলেও ফেইসবুক এরকম একটি অ্যাপ আনতে যাচ্ছে। যদি ভবিষ্যতে ফেইসবুক ম্যাক-এর জন্য এরকম কোনো অ্যাপ নিয়ে আসে, তাহলে বিষয়টিকে হালকাভাবে নেওয়ার কিছু নেই। সেক্ষেত্রে ধরে নিতে হবে, বড় কোনো পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছে ফেইসবুক।
