২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে প্রতিযোগিতা সৃষ্টি করতে পারে নিকন

কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস) কখনই ক্যামেরার জন্য তেমন বড় কোনো ভূমিকা পালন করেনি বা এটি ক্যামেরার বড় কোনো আয়োজনও ছিল না। এ বছরও সে ধারা বজায় ছিল। কিন্তু এবারের প্রযুক্তিপণ্য আয়োজনে নিকন নতুন অ্যাকশন ক্যামেরা নিয়ে আসার ঘোষণা দেওয়ায় ধারণা করা হচ্ছে, বিষয়টি অ্যাকশন ক্যামেরার বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2016, 05:48 PM

Updated : 20 Aug 2022, 11:32 AM

এতদিন অ্যাকশন ক্যামেরার বাজারে একচেটিয়া ব্যবসা করেছে গোপ্রো। জাপানি ইলেকট্রনিক্স পণ্য নির্মাতা সনি, গোপ্রো-এর সঙ্গে ব্যবসায়িক প্রতিযোগিতায় নামতে চাইলেও তেমন একটা সুবিধা করতে পারেনি। আর গোপ্রো-এর আধিপত্যে অন্যান্য অ্যাকশন ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান ঠিকভাবে নিজেকে উপস্থাপন করতেই ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।

এবার নিকন মাঠে নামায় অ্যাকশন ক্যামেরার বাজারে সামনে প্রতিযোগিতা সৃষ্টি হতে পারে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা। কারণ নিকন ডি৫ মডেল-এর যে ক্যামেরাটি আনার ঘোষণা দিয়েছে, তা একই সঙ্গে পানি নিরোধক, ধুলাবালি থেকে নিজেকে রক্ষা করতে এবং ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে ভিডিও ধারণ করতে পারবে। তবে ক্যামেরাটি বাজারে আসবে এ বছরের শেষ নাগাদ। অন্যদিকে নিকন-এর এই ক্যামেরাবিষয়ক ঘোষণার পরপরই গোপ্রো প্রধান নিক উডম্যান জানিয়েছেন, তারাও নিজেদের নতুন ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলের অ্যাকশন ক্যামেরা বাজারে আনার ব্যাপারে পরিকল্পনা করছেন।

সম্পূর্ণ বিষয়টিতে গোপ্রো শুধু একটি দিক থেকেই এগিয়ে রয়েছে বলে জানিয়েছে ভার্জ। আর সেটি হচ্ছে ড্রোন। এতদিন ক্যামেরা বানালেও চলতি বছর নিজেদের ড্রোন বাজারে আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

অন্যদিকে এ সুযোগে আবারও অ্যাকশন ক্যামেরার বাজারে ফিরতে পারে সনি। সেক্ষেত্রে বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হবে। বাজার প্রতিযোগিতার তীব্রতায় ক্রেতারা যে সুবিধাটি পাচ্ছেন তা হল- আরও নতুন প্রযুক্তির ক্যামেরা থেকে পছন্দসই ক্যামেরা বাছাইয়ের সুযোগ এবং সাশ্রয়ী দামে অ্যাকশন ক্যামেরা পাওয়া। কারণ বাজার প্রতিযোগিতা পণ্যের দামের ক্ষেত্রে সবসময়ই প্রভাব ফেলে থাকে।