২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিনি বিশ্বের প্রথম আইন স্বীকৃত সাইবর্গ

নিল হারবিসন -বিশ্বের প্রথম আইন স্বীকৃত সাইবর্গ। না যান্ত্রিক কোনো রোবট নন, রক্তমাংসের একজন মানুষ তিনি। ৩২ বছর বয়সী হারবিসন জন্ম থেকেই বর্ণান্ধ। পৃথিবীর সবকিছু দৃশ্যমান হলেও, কোনো কিছুর রং চেনার মতো ক্ষমতা ছিল না তার চোখে। কিন্তু প্রযুক্তির বদৌলতে সে বাঁধা কাটিয়ে উঠেছেন তিনি। খুলির মধ্যে অপারেশন করে বসিয়ে নিয়েছেন অ্যান্টেনা, যেটির তরঙ্গের মাধ্যমে তার কানে পৌঁছে যায় কোনো জিনিসটির কী রং।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2016, 05:42 PM

Updated : 20 Aug 2022, 11:32 AM

ছোটবেলা থেকে নিজ সাদা-কালো জগতের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করলেও, ২০০৪ সালে এসে এই সমস্যা সমাধানের পথ খোঁজা শুরু করেন হারবিসন। সে সময় ডাটিংটন কলেজ অফ আর্টস-এ মিউজিক-এর উপর পড়ালেখা করছিলেন তিনি। সমস্যার সমাধানে সাহায্যের হাত বাড়িয়ে দেন কম্পিউটার বিজ্ঞানী অ্যাডাম মন্টানডন। হারবিসনের জন্য মন্টানডন পাঁচ কিলোগ্রামের এক কম্পিউটার সংযুক্ত অ্যান্টেনা বানিয়ে দেন। ওই কম্পিউটার সংযুক্ত অ্যান্টেনা ৩৬০টি ভিন্ন শব্দ তরঙ্গের মাধ্যমে ভিন্ন ভিন্ন রংয়ের অনুবাদ করত, আর হেডফোনের মাধ্যমে ওই শব্দতরঙ্গ শুনে কোনটির কী রং তা বোঝার চেষ্টা করতেন হারবিসন। মন্টানডন ও হারবিসন ওই যন্ত্রটির নাম দিয়েছিলেন ‘আইবর্গ’।

বিষয়টি এমন নয় যে, আইবর্গ-এর সাহায্যে রংয়ের পৃথিবীতে খুব সহজেই যাত্রা শুরু করতে পেরেছিলেন হারবিসন। এর সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রথমে প্রায় পাঁচ সপ্তাহের মাথা ব্যথা সহ্য করতে হয়েছে হারবিসনকে। এরপর প্রায় পাঁচ মাস ধরে কোন শব্দ তরঙ্গ কোন রংয়ের ব্যাপারে বলছে তা বুঝার চেষ্টা করেছেন তিনি। এরপর এসে হারবিসন-এর ‘চোখে’ ধরা দিতে থাকে বর্ণিল পৃথিবী। যন্ত্রটির সাহায্যে হারবিসন ইনফ্রারেড ও আল্ট্রাভায়োলেট-এর মতো রং-ও চিহ্নিত করতে পারতেন, যা মানুষের চোখ ধরা পড়ে না। এমনকি বর্ণিল পৃথিবীর রংয়ের সঙ্গে পরিচিত হতে যেয়ে হারবিসন আবিষ্কার করেন ত্বকের রং অন্যান্যদের চোখে যেভাবে ধরা দেয়, তার কাছে সেভাবে দেয় না। এ প্রসঙ্গে হারবিসন বলেন, “আমি ভাবতাম কালো ব্যক্তিরা কালো এবং সাদা ব্যক্তিরা সাদা, কিন্তু বিষয়টি তা নয়- যারা কালো তাদের ত্বকের রং গাঢ় কমলা রংয়ের, আর যারা সাদা, তাদের ত্বকের রং হালকা কমলা রংয়ের।”

কিন্তু রংয়ের সমস্যা দূর হলেও প্রধান সমস্যা রয়েই গেছে। আর তা হল কম্পিউটার বয়ে নিয়ে বেড়ানো। এবার এই সমস্যার সমাধানে নামলেন হারবিসন। প্রথমে বিকল্প কিছু উপায় অবলম্বন করার পর, সিদ্ধান্ত নিলেন- সরাসরি খুলির সঙ্গে যোগ করে নেবেন ওই অ্যান্টেনা। এ বিষয়ে ডাক্তাদের কাছে ধর্না দেওয়া শুরু করলেন তিনি। প্লাস্টিক সার্জন থেকে শুরু করে ডজনখানেক ফিজিশিয়ান মানা করে দেওয়ার পর, নাম গোপন রাখতে হবে এমন শর্তে অপারেশন করতে রাজি হলেন এক ডাক্তার। অপারেশন শেষে মাসখানেক পর দেখা গেল দিব্যি ঘুরে বেড়াচ্ছেন হারবিসন, অ্যান্টানাটি তার কাছে শরীরের একটি অঙ্গের মতোই মনে হল।

এদিকে হারবিসন অ্যান্টেনাটিকে শরীরের অঙ্গ ভাবলেও, অন্যরা বিষয়টিকে স্বাভাবিকভাবে নিতে পারেনি। ফলে পদে পদে নানাবিধ প্রতিবন্ধকতার শিকার হলেন তিনি। আর তাই পরবর্তী চ্যালেঞ্জ ঠিক করলেন, স্বীকৃতি অর্জনের। এখনও এটি নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। বর্তমানে তার ডিভাইস পরিহিত ছবিসহ যুক্তরাজ্য পাসপোর্ট রয়েছে, ফলে তিনি বৈধভাবে স্বীকৃত একজন সাইবর্গ।

এ ছাড়া ছোটবেলার বন্ধু মুন রিবাস-এর সঙ্গে মিলে প্রতিষ্ঠা করেছেন সাইবর্গ ফাউন্ডেশন নামের একটি সংস্থা। সংস্থাটি ইতোমধ্যে ‘আইবর্গ অ্যাপ’ নামে একটি অ্যাপ তৈরি করেছে, যার সাহায্যে মানুষ বুঝতে পারবে, ঠিক কীভাবে শব্দ তরঙ্গের মাধ্যমে হারবিসন রং চিহ্নিত করে থাকেন। হারবিসন তার বর্তমান লড়াই প্রসঙ্গে জানান, “আমার ধারণা এর জন্য আরও সময় প্রয়োজন। মানুষ অপরিচিত বিষয় ভয় পায় ও সেটি সম্পর্কে নেতিবাচক মনোভাব পোষণ করে। সময়ের সঙ্গে মানুষ বিষয়টি মেনে নেবে। কয়েক বছর পর হয়তো এটি মূল ধারায় চলে আসবে। মানুষ নিজেদের ক্ষমতা আরও বাড়াতে এ ধরনের প্রযুক্তির সাহায্য নেবে।”