২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একই জোটে প্রযুক্তি প্রতিষ্ঠান-লেডি গাগা

অনলাইনে হয়রানি ঠেকাতে এবার জোট বেঁধেছে চিপ জায়ান্ট ইনটেল, ভক্স মিডিয়া, রি/কোড এবং মার্কিন পপ তারকা লেডি গাগার অলাভজনক প্রতিষ্ঠান ‘বর্ন দিস ওয়ে ফাউন্ডেশন’। ইন্টারনেট হয়রানির বিরুদ্ধে এবারই প্রথমবারের মতো জোটবদ্ধ হল ওই চার প্রতিষ্ঠান।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2016, 03:58 PM

Updated : 20 Aug 2022, 11:32 AM

সাইবার হয়রানি ঠেকানোর লক্ষ্যে জোটবদ্ধ প্রতিষ্ঠানগুলো ‘হ্যাক হ্যারাসমেন্ট’ নামে নতুন একটি উদ্যোগ নিয়েছে। ওই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে, অনলাইন অভিজ্ঞতাকে আরও নিরাপদ করা। অনলাইন হয়রানি প্রসঙ্গে ইনটেল-এর প্রধান নির্বাহী ব্রায়ান ক্রাজানিচ এক বিবৃতিতে বলেন, “অনলাইনে হয়রানি ও বিদ্বেষপূর্ণ আচরণের পরিসর ব্যাপক। আমাদের মনে রাখতে হবে প্রতিটি ডিভাইস, গেইম, সেন্সর বা নেটওয়ার্কের পেছনে একজন অনুভূতিসম্পন্ন রক্তমাংসের মানুষ রয়েছেন এবং প্রকৃত অর্থেই তার নিরাপত্তার প্রয়োজন রয়েছে।”

অন্যদিকে ‘প্রযুক্তি শিল্প ও অনলাইন হয়রানির’ সম্পর্ক আরও ভালোভাবে বুঝতে জোটবদ্ধ ওই চার অংশীদার প্রতিষ্ঠান ইতোমধ্যেই এক জরিপ চালিয়েছে। জরিপের ফলাফল থেকে জানা গেছে, জরিপে অংশগ্রহণকারী ৮৪ শতাংশের বিশ্বাস অনলাইন হয়রানির নেতিবাচক মনস্তাত্ত্বিক প্রভাব আছে এবং বাস্তব জীবনের ঝুঁকির কারণও হতে পারে অনলাইন হয়রানি। ৬০ শতাংশ প্রযুক্তি পেশাদার মনে করেন, অনলাইনে হয়রানি ঠেকাতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে না।

নতুন ‘হ্যাক হ্যারাসমেন্ট’ উদ্যোগের আওতায় প্রযুক্তি প্রতিষ্ঠান ও মিডিয়া প্রতিষ্ঠানগুলো ধারাবাহিক হ্যাকাথন আয়োজনের পরিকল্পনা করছে। ওই হ্যাকাথনের মাধ্যমে অনলাইন হয়রানি বন্ধে সচেতনতা ও দায়িত্বশীলতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানগুলোর।