বাড়ছে নিরাপত্তা গবেষকদের চাহিদা
সাইবার নিরাপত্তা গবেষকদের বছর হতে চলেছে ২০১৬। প্রযুক্তি জগতে এই নিরাপত্তা কর্মীদের চাহিদাই যে শুধু বাড়বে তাই নয়, বড় অংকের আর্থিক সুবিধাও পাবেন তারা। গড়ে লাখ ডলারের বেশি বেতন পাবেন বিভিন্ন প্রতিষ্ঠানের ‘চিফ ইনফর্মেশন সিকিউরিটি অফিসার (সিআইএসও)’ পদের কর্মীরা।
২০১৬ সালে বিশ্বব্যাপী ১০ লাখ সাইবার নিরাপত্তা গবেষকের কাজের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন ম্যাগাজিন ফোর্বস। চলতি বছরে আইটি খাতে সবচেয়ে বেশি বেতনের চাকরিগুলো নিরাপত্তা প্রকৌশলীরাই পাবেন বলে জানিয়েছে ম্যাগাজিনটি। আর ওই নিরাপত্তা প্রকৌশলীদের গড় বেতন হবে ২ লাখ ৩৩ হাজার মার্কিন ডলার।
অন্যদিকে আইটি ও সাইবার সিকিউরিটি খাতে কর্মী নিয়োগকারী/সরবরাহকারী প্রতিষ্ঠান সিলভারবুল-এর দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছর সিআইএসও-দের গড় বেতন ২ লাথ ৪ হাজার মার্কিন ডলারে গিয়ে ঠেকবে।
যুক্তরাষ্ট্রের ৬টি মেট্রোপলিটান শহরে সিআইএসও-দের গড় ও সর্বোচ্চ বেতনের এক তালিকাও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। ওই তালিকা অনুযায়ী, ক্যালিফোর্নিয়ার স্যান ফ্রান্সিসকোতে সিআইএসও-দের গড় বেতন হবে ২ লাখ ৪৯ হাজার ডলার। সর্বনিম্ন বেতন ১ লাখ ৫৪ হাজার ডলার, সর্বোচ্চ বেতন হবে ৩ লাখ ৮০ হাজার ডলার।
ওয়াশিংটন ডিসির ক্ষেত্রে সিআইএসও-দের সর্বোচ্চ বেতন হবে ৩ লাখ ৩৪ হাজার ডলার, সর্বনিম্ন বেতন হবে ১ লাখ ৩৯ হাজার ডলার। গড় বেতন হবে ২ লাখ ২৫ হাজার ডলার।
সংখ্যার হিসেবে স্যান ফ্রান্সিসকোর কাছাকাছি আছে নিউ ইয়র্ক সিটি। ওই শহরটিতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে সিআইএসও-দের গড় বেতন হবে ২ লাখ ৪০ হাজার ডলার, সর্বোচ্চ বেতন হবে ৩ লাখ ৬৭ হাজার মার্কিন ডলার।
২০১৮ সালের মধ্যে ৭৫ শতাংশ কম্পিউটার সিকিউরিটি অফিসার (সিএসও) এবং সিআইএসও সরাসরি প্রতিষ্ঠানের প্রধার নির্বাহীর অধীনে কাজ করবেন বলে ভবিষ্যদ্বাণী করেছে গবেষণা প্রতিষ্ঠান আইডিসি।
