২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলে আসছে ভিডিও প্রযুক্তি

সবুজ সংকেত পেয়েছে ফুটবল খেলায় ভিডিও প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার। টানা দুই মৌসুমে রেড কার্ড ও পেনাল্টিসহ মোট চারটি ক্ষেত্রে ‘ভিডিও অ্যাসিস্ট্যান্স’ প্রযুক্তির কার্যক্ষমতা নিয়ে ডেটা সংগ্রহ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।   

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2016, 03:20 PM

Updated : 20 Aug 2022, 11:32 AM

চার ধরনের ‘গেইম চেঞ্জিং’ মুহূর্তে ওই ভিডিও অ্যাসিস্ট্যান্স প্রযুক্তির সহযোগিতা নিতে পারবেন রেফারিরা। এর মধ্যে আছে- গোল হয়েছে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া, কোনো খেলোয়াড়কে লাল কার্ড দেখানো, পেনাল্টির সিদ্ধান্ত আর পরিচয় শনাক্তকরণ।

দুটি মৌসুমে পরীক্ষা চালানোর পর ২০১৮ সাল থেকে পেশাদার খেলায় ওই প্রযুক্তির বহুল ব্যবহার শুরু হতে পারে বলে জানিয়েছে স্কাই নিউজ। চলতি বছর ৪ থেকে ৬ মার্চ যুক্তরাজ্যের কার্ডিফে ‘ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)’-এর বার্ষিক সভায় নতুন ওই প্রযুক্তির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

বিভিন্নভাবে ওই প্রযুক্তির কার্যক্ষমতা যাচাই করা হবে। কখনো ‘ভিডিও অ্যাসিস্ট্যান্স’ নেওয়ার সিদ্ধান্ত শুধু রেফারির হাতেই থাকবে, কখনো কখনো খেলার মাঝে হস্তক্ষেপের এখতিয়ার পাবেন ভিডিও কর্মকর্তারা। আবার চাইলে খেলা থামিয়ে সাইড-লাইন থেকে খেলার রিপ্লে দেখেও সিদ্দান্ত নিতে পারবেন রেফারি।

তবে এই প্রযুক্তির ব্যবহারে কোচ আর ম্যানেজারদের আপিল জানানোর অনুমতি চেয়ে করা এক প্রস্তাব গ্রহণ করেনি আইএফএবি।

আইএফএবি প্রধান ও ফুটবল অ্যাসোসিয়েশন অফ ওয়েলশ (ওয়েলশ এফএ)-এর প্রধান নির্বাহী জোনাথন ফোর্ড এ প্রসঙ্গে বলেন, “যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের পরীক্ষা চালাতে হবে। এখানও রেফারিরাই ম্যাচের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হবেন কিন্তু আমরা এমন প্রযুক্তি নিয়ে পরীক্ষা করব যাতে রেফারিরা সহায়তা পান। যে কোনো মূল্যে আমরা খেলার বিশুদ্ধতা রক্ষা করতে চাই।”

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (ইংলিশ এফএ) জানিয়েছে, নতুন এই প্রযুক্তি অনুমোদন পাওয়ার পর তা পরীক্ষা করে দেখতে তারা উদগ্রীব হয়ে আছেন। অন্যদিকে স্কটিশ ফুটবল কাপে ওই প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালাতে আগ্রহী হয়ে আছে স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশনও।