সিইএস-এ ‘বুদ্ধিমান’ টয়লেট
টিভি, ফ্রিজ থেকে শুরু করে ব্যবহারের প্রায় সব পণ্যকেই ‘স্মার্ট’ করে আনা হয়েছে এবারের ‘কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস)’-এ। শেষ পর্যন্ত বাদ যায়নি টয়লেটও, নিয়ে আসা হয়েছে ‘বুদ্ধিমান’ বা ‘স্মার্ট’ টয়লেট যা নিজেই নিজেকে পরিষ্কার করবে। পরিষ্কার করে দেবে ব্যবহারকারীকেও।
ব্যবহারকারীর জন্য নিজে থেকেই ডালা খুলে দেবে ওই স্মার্ট টয়লেট। গরম বাতাস আর পানি সরবরাহ করতে পারে এমন এক বায়ুভর্তি নলের মাধ্যমে পরিষ্কার করা হবে ব্যবহারকারীকেও--জানিয়েছেন নির্মাতা প্রতিষ্ঠানের এক মুখপাত্র।
ইতোমধ্যে ৯ হাজার ৮শ’ ডলার দামের ৪ কোটি স্মার্ট টয়লেট বিক্রি করেছে এর নির্মাতা প্রতিষ্ঠান ‘তোতো’। এর নতুন একটি প্রোটোটাইপ এখনও নির্মাণাধীন বলে জানিয়েছে জাপানি এই স্যানেটারি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।
নিজেই নিজেকে পরিষ্কার করে চকচকে করে রাখবে টয়লেটটি। তোতো-র মুখপাত্র লেনোরা কাম্পোস তাদের পণ্যটি নিয়ে বলেন, “একবার এটি ফ্ল্যাশ করার পর তা বিশেষ বৈদ্যুতিক-রাসায়নিক প্রক্রিয়ায় প্রক্রিয়াজাতকৃত পানি দিয়ে টয়লেটের ভেতরকার অংশ পরিষ্কার করে।”
টয়লেটের কোথাও যেন রোগ-জীবাণু লেগে থাকতে না পারে সে জন্য এতে রাখা হয়েছে অতিবেগুণী রশ্মি নিঃসরণের প্রযুক্তি।
“এক বছরে আপনাকে টয়লেটটি পরিষ্কার করতে হবে না”-- দাবি করেছেন কাম্পোস।
এমন পণ্য ব্যবহারে আগ্রহ আছে কিনা জানতে লাস ভেগাসের কয়েকটি হোটেলে যোগাযোগ করেছিল বিবিসি। তবে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে সবগুলো হোটেল।
