সিইএস থেকে হোভারবোর্ড জব্দ
লাস ভেগাসে চলতি ‘কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস) ২০১৬’-থেকে এক চীনা হোভারবোর্ড নির্মাতা প্রতিষ্ঠানের সব হোভারবোর্ড জব্দ করে নিয়েছে ইউএস মার্শালরা। কোনো নিরাপত্তা শঙ্কা থেকে নয়, চীনের ওই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পেটেন্ট ও ডিজাইনবিষয়ক আইন লংঘন করার অভিযোগ উঠায় ওই পদক্ষেপ নিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
‘চ্যাংঝউ ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রেড’ নামের ওই প্রতিষ্ঠানটির নির্মিত হোভারবোর্ড যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান ‘ফিউচার মোশন’-এর ‘ওয়ানহুইল হোভারবোর্ডের’ ডিজাইন নকল করে তৈরি বলে অভিযোগ উঠেছে। আর সে অভিযোগের রেশ ধরে আদালত থেকে পেটেন্ট আইন লংঘনের দায়ে চীনা প্রতিষ্ঠানটির হোভারবোর্ড জব্দ করার নির্দেশ দেওয়া হয়। ফলাফল, সরাসরি সিইএস-এ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হানা ও প্রতিষ্ঠানটির সব হোভারবোর্ড জব্দ। এমনকি প্রতিষ্ঠানটির ব্যানারও ওই প্রযুক্তিপণ্য মেলা থেকে সড়িয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
যুক্তরাষ্ট্রের বিচারবিভাগের এক মুখপাত্র আদালতের নির্দেশ সম্পর্কে নিশ্চিত করেছেন। এক্ষেত্রে ইউএস মার্শালদের সংশ্লিষ্টতা অপ্রত্যাশিত কোনো ঘটনা নয় বলে মন্তব্য করেন তিনি। সপ্তাহখানেকের মধ্যেই পেটেন্ট ইসু নিয়ে আদালতে লড়বে প্রতিষ্ঠান দুটি।
সিইএস-এ আরও অনেক হোভারবোর্ড প্রদর্শন করা হচ্ছে ও বিক্রি করা হচ্ছে। কিন্তু চীনা ওই প্রতিষ্ঠানটি ৫৫০ ডলার দামে ‘সার্ফিং ইলেকট্রিক স্কুটার’ নামের যে হোভারবোর্ড বিক্রি করছিল, তাতে শুধু একটি চাকা রয়েছে। ঠিক একই রকমের হোভারবোর্ড-এর পেটেন্ট রয়েছে ফিউচার মোশন এর মালিকানায়।
এ প্রসঙ্গে ফিউচার মোশন-এর প্রতিষ্ঠাতা কাইল ডুয়ার্কসেন বলেন, “আমাদের কাছে এর ডিজাইনের পেটেন্ট রয়েছে। আমাদের ডিজাইনের আদলে তৈরি পণ্য প্রদর্শন করা হচ্ছে, বিষয়টি জানতে পারার পর আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের প্রতিষ্ঠান বছর দুয়েক আগে সিইএস-এ যাত্রা শুরু করেছিল এবং আমরা জানি পুরো বিশ্ব ব্যাপারটি দেখছে। আর তাই আমাদের বুঝতে দেরি হয়নি যে পেটেন্ট আইন লংঘনের বিষয়টিকে আমলে না নিলে আমাদের ব্যবসার কতটা ক্ষতি হতে পারে।”
চীনা ওই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দুটি পেটেন্ট আইন লংঘনের অভিযোগ আনা হয়েছে মার্কিন আদালতে। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটি কোনো মন্তব্য জানাতে রাজি হয়নি বলে জানিয়েছে বিবিসি।
