‘অ্যাপল ডটকার’ ডোমেইন কিনল অ্যাপল
অটোমোবাইল সংশ্লিষ্ট নতুন ডোমেইন নেইম নিবন্ধন করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। প্রতিষ্ঠানটি অটোমোবাইল তৈরি করতে পারে এমন গুজব অনেক আগেই ছড়িয়েছে। অ্যাপলের সাম্প্রতিক এই পদক্ষেপে ওই গুজবই আরও জোরালো হল।
আইফোন নির্মাতা অ্যাপল যে ডোমেইন নেইমগুলো নিবন্ধন করেছে, সেগুলো হচ্ছে- অ্যাপল ডটকার, অ্যাপল ডটকারস এবং অ্যাপল ডটঅটো। ডোমেইনবিষয়ক তথ্যদাতা প্রতিষ্ঠান ‘হু ডটইজ’-এর বরাতে জানা গেছে, ডিসেম্বর মাসেই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছে অ্যাপল।
অন্যদিকে অ্যাপল যে অটোমোবাইল সংশ্লিষ্ট ডোমেইন নেইম নিবন্ধন করছে তা সর্বপ্রথম জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাকরিউমার্স। ডোমেইন নেইমগুলো অ্যাপলের ‘কারপ্লে’ সেবার জন্যেও হতে পারে বলে জানিয়েছে সাইটটি। এর মাধ্যমে চালকরা স্টিয়ারিং হুইল থেকে হাত না সড়িয়েই কল করতে বা রিসিভ করতে পারবেন, ভয়েস মেইল শুনতে পারবেন এবং নিজের আইফোন কনট্যাক্ট ‘অ্যাক্সেস’ করতে পারবেন।
অটোমোবাইল সংশ্লিষ্ট ডোমেইন নেইম নিবন্ধন করলেও, গাড়ি তৈরি নিয়ে সৃষ্ট গুজব নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি অ্যাপল। অন্যদিকে ২০১৫ সালেই শীর্ষস্থানীয় অটোমোবাইল নির্মাতা ফোর্ড এবং মার্সিডিজ-বেঞ্জ থেকে বেশ কয়েক জন বিশেষজ্ঞকে প্রতিষ্ঠানটি নিয়োগ দিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।।
অ্যাপল গাড়ি তৈরি করবে কিনা, সে বিষয়টি এখনও ধোঁয়াটে রয়ে গেলেও, বসে নেই সিলিকন ভ্যালির অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের পাশাপাশি গুগল ইনকর্পোরেটেড-ও অনেকদিন ধরেই স্বয়ংক্রিয় গাড়ি তৈরির প্রকল্প নিয়ে কাজ করছে এবং নানাবিধ পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। এমনকি নিজেদের তৈরি স্বয়ংক্রিয় গাড়ির প্রোটোটাইপও দেখিয়েছে প্রতিষ্ঠানটি। শুধু এ বিষয়ে এখনও নিরব রয়েছে অ্যাপল।
