আইফোনে হেডফোন পোর্ট বাঁচাতে পিটিশন!
অ্যাপলের পরবর্তী আইফোনে (যা সম্ভবত আইফোন ৭ নামে পরিচিত হবে) ৩.৫ মিলিমিটারের প্রচলিত হেডফোন জ্যাক থাকবে না এমন গুজব বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে প্রযুক্তিপণ্যের বাজারে। আর ওই গুজবে বেজায় খেপেছেন অ্যাপল ভক্তদের কেউ কেউ। আইফোনের নতুন মডেল থেকে যেন ৩.৫ জ্যাক বাদ দেওয়া না হয় সেই দাবি নিয়ে প্রতিষ্ঠানটির কাছে পিটিশন করে বসেছেন তারা।
মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটির কাছে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক রক্ষার দাবি নিয়ে পিটিশনে স্বাক্ষর করেছেন বিশ্বব্যাপী ২ লাখ ১৭ হাজার ব্যবহারকারী।
অ্যাপল আইফোনের পরবর্তী মডেল থেকে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক বাদ দেবে এমন গুজব শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। বলা হচ্ছে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক বাদ দিয়ে নতুন আইফোনের রাখা হবে লাইটনিং পোর্টনির্ভর হেডফোন।
অ্যাপলের বিরুদ্ধে পিটিশন করা হয়েছে ‘SumOfUs.org’ নামের একটি সাইট থেকে। “ভোক্তা, বিনিয়োগকারী ও কর্মীদের একটি আন্তর্জাতিক জোট”--বলা হয়েছে সাইটটির বিবরণে। আর পিটিশনে স্বাক্ষরকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে “স্ট্যান্ডার্ড হেডফোন জ্যাক রাখুন আইফোনে।”
পিটিশনের জন্য বিশ্বব্যাপী ২ লাখ ১০ হাজার ব্যবহারকারীর স্বাক্ষর সংগ্রহ করার লক্ষ্য ছিল সাইটটির। সেখানে প্রত্যাশার চেয়ে বেশি সারা পেয়েছেন এর উদ্যোক্তারা। এখন পর্যন্ত ২ লাখ ১৭ হাজার স্বাক্ষর পেয়েছে পিটিশনটি।
হার্ডওয়্যার ফিচারের পরিবর্তন নিয়ে ভক্তদের রোষের মুখে পড়া অ্যাপলের জন্য নতুন নয়। ২০১২ সালে আইফোন থেকে ৩০-পিন চার্জার বাদ দিয়ে ৮-পিন লাইটনিং পোর্ট যোগ করেছিল। সেবারও খেপেছিলেন আইফোন ভক্তরা।
