ডেটা ট্র্যাকিং: মুখ খুললো মাইক্রোসফট
উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের কোন কোন ডেটা ট্র্যাক করা হয়, সম্প্রতি সে বিষয়ে মুখ খুলেছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা এজ ব্রাউজারে কতটা সময় ব্যয় করে থাকেন এবং ফটো অ্যাপ-এর মাধ্যমে কতগুলো ছবি দেখেন এমন তথ্য নিয়ে একটি পরিসংখ্যানভিত্তিক তালিকা তৈরি করা হয়েছে।
বর্তমানে বিশ্বের ২০ কোটিরও বেশি ডিভাইসে উইন্ডোজ ১০ ওএস চলছে বলে জানিয়েছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি।
উইন্ডোজ ১০ উন্মোচন করার পর থেকেই অপারেটিং সিস্টেমটিকে ব্যবহারকারীরা কীভাবে ব্যবহার করছেন, সে বিষয়ে নানাবিধ ডেটা সংগ্রহ করছে মাইক্রোসফট। কিন্তু ঠিক কোন কোন ডেটা সংগ্রহ করা হচ্ছে, সে বিষয়ে মাইক্রোসফট এবারই প্রথম মুখ খুলল বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। প্রতিষ্ঠানটি ডেটা ট্র্যাক করার বিষয়টি স্বীকার করলেও এর মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটার গোপনীয়তা হুমকির সম্মুখীন হচ্ছে কিনা সে প্রশ্ন তুলেছেন অনেকেই।
এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, “গ্রাহকদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ব্যাপারে মাইক্রোসফট প্রতিজ্ঞাবদ্ধ। ডেটা ট্র্যাকিং বিষয়ে ব্লগে মাইক্রোসফট যা জানিয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে-
* এখন পর্যন্ত ব্যবহারকারীরা উইন্ডোজ ১০ ডিভাইসের এজ ব্রাউজারে ৪,৪৫০ কোটি মিনিট ব্যয় করেছেন।
* ভার্চুয়াল অ্যাসিস্টেন্ট কর্টানা-এর সহায়তা নিয়ে ২৪০ কোটি প্রশ্ন করেছেন উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা।
* উইন্ডোজ ১০ আসার পর বিং সার্চের পরিমাণ আগের তুলনায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
* ৮,২০০ কোটি ছবি উইন্ডোজ ১০-এর ফটো অ্যাপের মাধ্যমে দেখা হয়েছে।
* উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা ৪ হাজার ঘণ্টার বেশি সময় পিসি গেইম খেলে ব্যয় করেছেন।
এ ছাড়াও উইন্ডোজের আগের সংষ্করণগুলোর তুলনায় ব্যবহারকারীরা উইন্ডোজ ১০ দ্রুত গ্রহন করছেন বলে জানিয়েছে মাইক্রোসফট।
মাইক্রোসফট নিজেদের অপারেটিং সিস্টেম থেকে সংগ্রহ করা ওই ডেটা কোথায় পাঠাচ্ছে এবং সংরক্ষণ করছে, সে বিষয়টি এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
অন্যদিকে সংগৃহীত ডেটা নিয়ে মাইক্রোসফটের দীর্ঘমেয়াদী পরিকল্পনা জানার আগ্রহ প্রকাশ করেছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ অধ্যাপক অ্যালান উডওয়ার্ড। এ প্রসঙ্গে উডওয়ার্ড প্রশ্ন তোলেন, “একটি উদ্দেশ্যেই এসব ডেটা সংগ্রহ করা হচ্ছে, কিন্তু কতদিন পর্যন্ত এগুলো সংরক্ষণ করা হবে? আর কোন কাজে ওই ডেটা ব্যবহৃত হবে?”
