২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সনি-এইচটিসির প্রতিদ্বন্দ্বী নয় অকুলাস

সনি আর এইচটিসির মতো ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) হেডসেট নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এখনও প্রতিযোগিতা শুরু হয়নি বলে মন্তব্য করেছেন অকুলাস প্রধান পামার লাকি। লাস ভেগাসে চলতি সিইএস সম্মেলনে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন বহুল আলোচিত ভিআর হেডসেট ‘রিফট’-এর নির্মাতা প্রতিষ্ঠানটির কাণ্ডারি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2016, 06:40 PM

Updated : 20 Aug 2022, 11:32 AM

অকুলাস ‘রিফট’ হেডসেটের প্রথম প্রোটোটাইপটি উন্মোচনের পর পার হয়ে গেছে তিন বছর। সিইএস সম্মেলনেই প্রথম প্রোটোটাইপটি দেখিয়েছিল অকুলাস। ২০১৩ আর ২০১৪ সালের সিইএসে ‘বেস্ট ইন শো’ পুরষ্কারও জিতেছিল ডিভাইসটি।

ভিআর হেডসেট প্রযুক্তির অগ্রদূত প্রতিষ্ঠানটির বাণিজ্যিক অভিষেকের জন্য আগ্রহীদের অপেক্ষো করতে হয়েছে লম্বা সময়। অবশেষে সিইএস ২০১৬-তে এসে প্রযুক্তিপণ্যের বাজারে আনুষ্ঠানিক অভিষেক হয়েছে ‘রিফট’-এর। ‘ডিভাইসটির দাম কত হবে?’, ‘কবে নাগাদ বাজারে আসবে?’--এবারের সিইএসে এই প্রশ্নগুলোর মুখোমুখী হতে হয়নি লাকিকে।

বরং সমসাময়িক ভিআর হেডসেট নির্মাতাদের নিয়েই নানা প্রশ্নের সম্মুখীন হয়েছেন তিনি। 

“আমার মনে হয় না রিফট হেডসেট আর হাই-এন্ড পিসি কেনার পর প্লেস্টেশন ভিআর হেডসেট কিনবেন এমন ক্রেতার সংখ্যা খুব বেশি। আমি অনেকটাই নিশ্চিত যে, যাদের প্লেস্টেশন আছে তারা প্লেস্টেশন ভিআর হেডসেটই কিনবেন। তারা যদি রিফট কিনে থাকেন তবে তার মানে হল তারা আরও উন্নত মানের ভিআর অভিজ্ঞতা চান এবং সেজন্য বাড়তি খরচেও বাঁধবে না তাদের।”--ভার্জকে দেওয়া সাক্ষাৎকারে ভিআর ডিভাইস পছন্দের ক্ষেত্রে ক্রেতাদের ভাবনা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি এভাবেই ব্যাখ্যা করেন লাকি।

অন্যান্য ভিআর হেডসেট নির্মাতাদের বিপরীতে অকুলাসের অবস্থান নিয়ে লাকি বলেন, “যতক্ষণ না এটা একটা ‘জিরো-সাম গেইম’ হচ্ছে ততক্ষণ এটাকে প্রতিযোগিতা বলা যাবে না। বরং কয়েক যুগ ধরে ক্রেতাদের মনে ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে যে ধারণা তৈরি হয়েছে তার বিপরীতে আমরা, সব ভিআর নির্মাতারা একযোগে কাজ করছি।”

৬ জানুয়ারি থেকে নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে ‘রিফট’-এর জন্য প্রি-অর্ডার নেওয়া শুরু করেছে অকুলাস, যুক্তরাষ্ট্রের বাজারে ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ৫৯৯ ডলার।