৮কে-তে গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি ২
২০১৪ সালের সুপারহিট হলিউডি সিনেমা ‘গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি’-এর সিকুয়াল ‘গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি ভলিউম ২’-এর শুটিং করা হবে ৮কে ক্যামেরা দিয়ে। অর্থ্যাৎ ৮১৯২ বাই ৪৩২০ পিক্সেলের আল্টা হাই ডেফিনিশন (ইউএইচডি) ফরম্যাটে ধারণ করা হবে পুরো সিনেমা।
২০১৭ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি ভলিউম ২’-এর। সিনেমাটির শুটিংয়ে যে ক্যামেরা ব্যবহার করা হবে সেই ‘রেড ৮কে উইপন ভিস্তা ভিশন’ ক্যামেরা বাজারে এসেছে ২০১৫ সালের এপ্রিল মাসে।
অ্যাক্সেসরিজ ছাড়াই ক্যামেরাটির দাম ২০ হাজার ডলার থেকে শুরু বলে জানিয়েছে ওয়্যার্ড ডটকম। প্রতি সেকেন্ডে ৮১৯২ বাই ৪৩২০ পিক্সেলের ৭৫টি ফ্রেমের ছবি নিতে পারে ক্যামেরাটি।
‘গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি ভলিউম ২’-এর শুটিং ৮কে ক্যামেরা দিয়ে করা হবে বলে ঘোষণা দিয়েছেন সিনেমাটির পরিচালক জেমস গান। “গ্যার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি ভলিউম ২ ৮কে ক্যামেরা দিয়ে শুটিং করা প্রথম সিনেমা হবে বলে ঘোষণা দিতে পেরে আমি খুবই উত্তেজিত।”—এভাবেই টুইটারে নিজের অনুভূতি জানান তিনি।
অন্যদিকে রেড উইপন ৮কে ক্যামেরার নির্মাতা প্রতিষ্ঠান রেড ডিজিটাল সিনেমার প্রেসিডেন্ট জ্যারেড ল্যান্ড এক বিবৃতিতে বলেন, “মার্ভেল আর প্রযোজনার সঙ্গে সংশ্লিষ্ট সবাই শুটিংয়ের জন্য আমাদের উইপন ৮কে ক্যামেরা বেছে নিয়েছেন বলে আমি যে কতটা গর্বিত তা বলে বোঝাতে পারবো না। প্রথম সিনেমাটি যে সাফল্য পেয়েছে, তারপর সিকুয়ালের জন্য ক্যামেরা নির্ধারণের ক্ষেত্রে তারা কতটা বাছ-বিচার করেছেন তা আমরা জানি। রেডের প্রযুক্তির জন্য এটা বড় একটা স্বীকৃতি হিসেবে দেখছি আমরা।”
গান ৮কে ক্যামেরা দিয়ে সিনেমার শুটিং করলেও কতজন দর্শক ওই ফরম্যাটে সিনেমাটি দেখতে পারবেন তা নিয়ে সন্দেহের অবকাশ থেকেই যায়। টেলিভিশন ও ডিসপ্লে প্রযুক্তির বাজারে ৪কে রেজুলিউশনের ডিসপ্লে এখনও অনেকটাই নতুন। ৮কে প্রযুক্তি সাধারণ ব্যবহারকারীদের হাতের নাগালে আসতে আরও অনেক সময় লাগবে বললে ভুল বলা হবে না। অন্যদিকে প্রেক্ষাগৃহে দেখানোর জন্য ৮কে প্রজেক্টরের সংখ্যাও একেবারেই হাতে গোনা। সব মিলিয়ে সিনেমাটি ৮কে রেজুলিউশনে ধারণ করা হলেও সাধারণ দর্শকরা কতটা উপকৃত হবেন সে ব্যাপারটি এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে ওয়্যার্ড ডটকম।
