২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৮০ কোটিতে মেসেঞ্জার

ফেইসবুকের মেসেঞ্জার অ্যাপের নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা এখন ৮০ কোটি। বিশ্বব্যাপী এই বিপুল সংখ্যক ব্যবহারকারীদের সঙ্গে মেসেঞ্জার অ্যাপের মাধ্যমে বিভিন্ন পণ্য বিক্রেতা এবং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর যোগাযোগের প্রক্রিয়া তৈরি করতে চাইছে সামাজিক যোগাযোগের শীর্ষ মাধ্যমটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2016, 07:49 PM

Updated : 12 Apr 2022, 01:10 AM

যুক্তরাষ্ট্রের বাজারে ২০১৫ সালে সবচেয়ে দ্রুত ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ফেইসবুকের মেসেঞ্জার অ্যাপের। সোশাল নেটওয়ার্কিং জায়ান্ট প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৫ সাল শেষ হওয়ার আগ দিয়েই ৮০ কোটি নিয়মিত ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়েছে প্রতিষ্ঠানটি। অর্থ্যাৎ, ২০১৫ সালে জুন মাসের পর থেকে মেসেঞ্জার অ্যাপে যোগ হয়েছে ১০ কোটি নতুন গ্রাহক।

ফেইসবুকের দেওয়া হিসাব অনুযায়ী, সোশাল মিডিয়াটির ১৫৫ কোটি নিয়মিত ব্যবহারকারীর মধ্যে অর্ধেকেরও বেশি এখন নিয়মিত মেসেঞ্জার অ্যাপ ব্যবহার করছেন।

এ প্রসঙ্গে ফেইবুক কর্মকর্তা স্ট্যান চ্যাডনোভোস্কি বলেন, “প্রতিষ্ঠান হিসেবে আমরা খুব দ্রুত বড় হচ্ছি। এই বছরটি ব্যবহারকারীদের জন্য আগের বছরের থেকে আরও ভাল করার জন্য কী করতে পারি সেটাই ভাবছি আমরা।”

সবসময়ই নিজস্ব ব্যবসা প্রসারের চেষ্টা করছে ফেইসবুক। ১৫৫ কোটি ব্যবহারকারীর সবাই যেন প্রতিষ্ঠানটির সেবা ব্যবহারের জন্য বারবার ফিরে আসেন তা নিশ্চিত করতে চেষ্টার শেষ নেই ফেইসবুক কর্তৃপক্ষের।

সম্প্রতি মেসেঞ্জার অ্যাপ নিয়ে অনলাইন পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠার উবারের সঙ্গে জোট বেঁধেছে ফেইসবুক। ফলে উবারের অ্যাপ ছাড়াই সরাসরি মেসেঞ্জার অ্যাপ থেকে ট্যাক্সি ভাড়া করতে পারবেন ফেইসবুক ব্যবহারকারীরা। এছাড়াও অ্যাপলের সিরি এবং গুগল নাও-এর মতো ডিজিটাল অ্যাসিস্ট্যান্টগুলোর সঙ্গে মেসেঞ্জার অ্যাপের ব্যবহার আছে পরীক্ষামূলক পর্যায়ে।