২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসবিরোধী বৈঠকে প্রযুক্তি প্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান হোজেতে ওবামা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার টেবিলে বসছে অ্যাপল, ফেইসবুক ও টুইটারসহ দেশটির শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। নতুন লোক নিয়োগে সন্ত্রাসীগোষ্ঠীগুলোর সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার নিয়ে আলোচনা করতেই ওই বৈঠক আয়োজন করা হয়েছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2016, 07:36 PM

Updated : 20 Aug 2022, 11:31 AM

সরকারি নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনায় বসবে অ্যাপল, ফেইসবুক আর টুইটার। সেই সঙ্গে গুগল আর মাইক্রোসফটও ওই বৈঠকে থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সিএনএন। 

অন্যদিকে মার্কিন সরকার পক্ষ থেকে আলোচনায় অংশ নেবে হোয়াইট হাউজ, ডিপার্টমেন্ট অফ জাস্টিস আর দেশটির শীর্ষ ইন্টেলিজেন্স কর্মকর্তারা।

হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ ডেনিস ম্যাকডোনাফ এই বৈঠকে সভাপতিত্ব করবেন বলে ধারণা করা হচ্ছে। সেই সঙ্গে দেশটির অ্যাটর্নি জেনারেল লরেটা লিঞ্চ, এফবিআই ডিরেক্টর জেমস কোমে, ন্যাশনাল ইন্টেলিজেন্স ডিরেক্টর জেমস ক্ল্যাপারসহ অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারাও আলোচনায় অংশ নেবেন।

বৈঠক প্রসঙ্গে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউজ।

সন্ত্রাসবিরোধী লড়াইয়ে এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো। অনলাইন প্ল্যাটফর্মগুলো বিশ্বব্যাপী মানুষদের যোগাযোগ সহজ করে দিয়েছে। আর এর সুযোগ নিয়ে সন্ত্রাসীরা নতুন কর্মী খুঁজতে, পুরনো কর্মীদের উস্কানি দিতে এবং নিজেদের কর্মকাণ্ডের ছবিসহ বিভিন্ন তথ্য অবাধে আদান-প্রদান করতে নির্ভর করছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর উপর।    

ইতোমধ্যে উগ্রপন্থী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর কর্মী নিয়োগ, ছবি ও বার্তা প্রচারের জন্য বহুল ব্যবহৃত হওয়ায় সমালোচিত হয়েছে মাইক্রোব্লগিং সেবা টুইটার।