এআই স্টার্টআপ কিনলো অ্যাপল
কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) স্টার্টআপ ‘ইমোটিয়েন্ট ইনকর্পোরেটেড’ কিনে নিয়েছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। মানুষের চেহারা বিশ্লেষণ করে তাদের অনুভূতি বোঝার চেষ্টা করে ইমোটিয়েন্টের তৈরি এআই প্রযুক্তি।
অ্যাপলের একজন মুখপাত্রের সঙ্গে কথা বলে ওই খবর নিশ্চিত করেছে রয়টার্স। তবে নতুন এই প্রতিষ্ঠানটি কেনার পেছনে অ্যাপলের পরিকল্পনা কী, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।
ভীড়ের মধ্যেও আলাদা আলাদা মানুষের চেহারা বিশ্লেষণ করে তাদের মনের অনুভূতি বুঝতে পারে ইমোটিয়েন্টের সফটওয়্যার। দর্শকদের প্রতিক্রিয়া ও রোগীর চেহারা দেখে তিনি ব্যথা পাচ্ছেন কি না তা বুঝতে এই সফটওয়্যার বিজ্ঞাপনদাতা ও চিকিৎসকদের কাজে আসবে বলে ধারণা করা হয়ে থাকে।
মালিকানা হাতবদলের ব্যাপারটি নিশ্চিত হলেও চুক্তির আর্থিক লেনদেনের হিসাব এখনও জানা যায়নি বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান ডিয়েগোভিত্তিক ইমোটিয়েন্ট এর আগে ইন্টেল ক্যাপিটালসহ অন্যান্য বিনিয়োগকারীদের কাছ থেকে ৮০ লাখ মার্কিন ডলারের তহবিল সংগ্রহ করেছিল।
সাম্প্রতিক সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গবেষণার দিকে ঝুঁকেছেন প্রযুক্তি জগতের শীর্ষ কর্মকর্তারা। ২০১৫ সালের ডিসেম্বরেই টেসলা প্রধান ইলন মাস্ক আর একাধিক শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহীরা ওপেনএআই নামের একটি এআই প্রকল্পের জন্য শতকোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা দেন।
মালিকানা হাতবদলের চুক্তি নিয়ে অ্যাপল আর ইমোটিয়েন্ট কেউই এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
