প্রসেসর আনলো অ্যামাজন
শুরুটা ছিল বইয়ের অনলাইন স্টোর হিসেবে, এরপর নিজস্ব ট্যাব নির্মাণ থেকে শুরু করে ক্লাউড কম্পিউটিং সেবার বাজারেও প্রবেশ করেছে শীর্ষস্থানীয় ই-কমার্স সাইট অ্যামাজন ডটকম। এবার নিজস্ব প্রসেসর নির্মাণ করছে প্রতিষ্ঠানটি। ক্রেতার তালিকায় আছে আসুস, নেটগিয়ার আর সাইনোলজির মতো একাধিক প্রতিষ্ঠান।
প্রতিদিনের ব্যবহারে প্রয়োজনীয় সামগ্রী, অ্যামাজন কিন্ডল ট্যাবলেট, ক্লাউড কম্পিউটিং, নিজস্ব স্ট্রিমিং সেবার পর এবার হার্ডওয়্যার বিক্রেতার খাতায়ও নাম লেখালো অ্যামাজন।
অ্যামাজনের এআরএমভিত্তিক ওই প্রসেসরের নাম দেওয়া হয়েছে ‘আলপাইন’। চিপটি ডিজাইন করেছে অ্যামাজনের সহযোগী প্রতিষ্ঠান ‘অন্নপূর্ণা ল্যাবস’। গেল বছরই অন্নপূর্ণা ল্যাবস নামের ওই চিপ ডিজাইনার প্রতিষ্ঠানটি অ্যামাজন কিনে নেয় বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।
আলপাইন চিপ মূলত ওয়াইফাই রাউটার, স্টোরেজ ডিভাইস এবং ‘ইন্টারনেট অফ থিংস’ ডিভাইসগুলোর জন্য বানানো হয়েছে। ডেটা সেন্টারের জন্যও চিপটি ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছে ব্লুমবার্গ। আসুস, নেটগিয়ার আর সাইনোলোজির মতো প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই অ্যামাজনের ক্রেতার তালিকায় নাম লিখিয়েছে।
অ্যামাজনের অন্যান্য পণ্যের মতো অনলাইনে পাওয়া যাবে না ওই প্রসেসরটি। সার্ভিস প্রোভাইডার আর নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছে সরাসরি বিক্রি করা হবে ওই চিপ।
