২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনুবাদে ভুল: রাশিয়া হল মোর্ডর

সফটওয়্যার বাগের কারণে গুগল ট্রান্সলেট সেবায় ‘Russian Federation’ লিখে তা অনুবাদ করতে দিলে উত্তর আসছিল ‘Mordor’ (মোর্ডর)। বিব্রতকর ওই পরিস্থিতি সমাধানে দেরি করেনি গুগল, ঠিক করে ফেলা হয়েছে ওই সফটওয়্যার বাগ।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2016, 05:39 PM

Updated : 20 Aug 2022, 11:31 AM

জেআরআর টোলকিনের লর্ড অফ দ্য রিংস বইয়ের ‘মোর্ডর’ অঞ্চলটি ‘ল্যান্ড অফ শ্যাডো’ নামেই বেশি পরিচিত। 

শুধু এখানেই থেমে ছিল না ওই সফটওয়্যার ত্রুটির ঝামেলা। ‘Russians' (রাশিয়ানস) লিখলে তার মানে আসছিল 'occupiers' (দখলকারী) আর দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্জে ল্যাভরোভ নাম লিখে অনুবাদ করলে ' sad little horse' (ছোট দুঃখী ঘোড়া) দেখানো হচ্ছিল।

নিজেদের অনুবাদ সেবায় ইউক্রেনিয়ান থেকে রুশ ভাষায় অনুবাদের সময় ওই সমস্যা হচ্ছিল বলে জানিয়েছে ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতে ওই অনুবাদের স্ক্রিনশট ছড়িয়ে পড়ে।

এক বিবৃতিতে গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, “গুগল ট্রান্সলেট একটি স্বয়ংক্রিয় অনুবাদক- এটি কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই প্রযুক্তি ব্যবহার করে কাজ করে।”

অনুবাদ করার কাজটি স্বয়ংক্রিয়ভাবে করা হলেও, এতে ব্যবহারকারীদের ম্যানুয়ালি বিকল্প অনুবাদ পরামর্শ করার সুবিধা দেওয়া আছে। তবে ওই ফিচারের সুযোগ নিয়ে অনুবাদের অর্থ্য পাল্টে দিয়ে স্ক্রিনশট গুলো বানানো হয়নি বলে নিশ্চিত করেছে বিবিসি।

গুগলের পক্ষ থেকে আরও বলা হয়, "সব অনুবাদ সম্পূর্ণ সঠিক নয়, আর এখানে মাঝেমধ্যে ভুল হতে পারে। আমরা সবসময় এই সমস্যাগুলো নজরে আসার সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব ঠিক করার জন্য কাজ করি।"