২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ অধ্যায়ে ইন্টারনেট এক্সপ্লোরার

১২ জানুয়ারি থেকে ইন্টারনেট এক্সপ্লোরার ৮, ৯ এবং ১০-এই তিনটি সংষ্করণের জন্য সফটওয়্যার আপডেট ইসু করা বন্ধ করে দেবে মাইক্রোসফট। কেবল উইন্ডোজ ৭, ৮.১ এবং ১০ অপারেটিং সিস্টেমের পিসিতে ব্যবহৃত ইন্টারনেট এক্সপ্লোরার ১১-এর জন্যই সফটওয়্যার আপডেট ইসু করবে মার্কিন টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2016, 02:57 PM

Updated : 20 Aug 2022, 11:31 AM

বিশ্ববাজারের ২০ শতাংশ ইন্টারনেট ব্রাউজার মাইক্রোসফটের এই পদক্ষেপের ভুক্তভোগী হবে বলে জানিয়েছে বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান নেটমার্কেট শেয়ার। সফটওয়্যার আপডেট ছাড়া ইন্টারনেট এক্সপ্লোরের পুরনো সংষ্করণগুলো ব্যবহার করলে ব্যবহারকারীরা সাইবার ঝুকিঁতে থাকবেন বলে জানিয়েছে সিএনএন।

“আরও দ্রুতগতির ও নিরাপদ ওয়েব ব্রাউজিং-এর জন্য মাইক্রোসফট ক্রেতাদের ইন্টারনেট এক্সপ্লোরার ১১-এ আপগ্রেড করতে উৎসাহ যোগাচ্ছে।”—বলা হয়েছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

মাইক্রোসফটের নতুন এই পরিকল্পনায় একমাত্র ব্যতিক্রম উইন্ডোজ ভিসতা। ভিসতা ওএস ব্যবহার করা হচ্ছে, এমন পিসিগুলোর জন্য ইন্টারনেট এক্সপ্লোরার ৮, ৯ এবং ১০-এর সফটওয়্যার আপডেট বন্ধ করছে না প্রতিষ্ঠানটি।

২০১৪ সালের শুরুতেই ইন্টারনেট এক্সপ্লোরার ওয়েব ব্রাউজারের জন্য সাপোর্ট ক্রমান্বয়ে বন্ধ করে দেওয়ার পরিকল্পনার ব্যাপারে জানিয়েছিল। ২০১৫-তে প্রযুক্তিপণ্যের বাজারে অভিষেক হয়েছে মাইক্রোসফটের নতুন ‘এজ’ ওয়েব ব্রাউজারের। ইন্টারনেট এক্সপ্লোরের থেকে অনেক দিক থেকেই উন্নত এজ। তবে লোগো অনেকটা একই রকমের হওয়ায় ক্ষেত্রবিশেষে বিভ্রান্তির জন্মও দিয়েছে ওয়েব ব্রাউজার দুটি।