২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মী ছাটাই করতে পারে ইয়াহু

কমপক্ষে ১০ শতাংশ কর্মী ছাটাই করার পরিকল্পনা করছে ইয়াহু ইনকর্পোরেটেড। জানুয়ারি মাস থেকেই ওই পরিকল্পনা বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া শুরু করতে পারে প্রতিষ্ঠানটি। এর ফলে চাকরি হারানোর ঝুঁকিতে আছেন প্রতিষ্ঠানটির এক হাজারেরও বেশি কর্মী।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 08:07 PM

Updated : 20 Aug 2022, 11:31 AM

ডটকম বিপ্লবের অগ্রদূত এবং সাবেক ওয়েব জায়ান্ট ইয়াহু কর্মী ছাটাই করলে তার প্রভাব প্রতিষ্ঠানটির মিডিয়া ব্যবসা, ইউরোপিয়ান কার্যক্রম এবং প্লাটফর্ম-প্রযুক্তি দখলের উপরই পরবে বলে জানিয়েছে রয়টার্স। ইয়াহুর এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হল প্রতিষ্ঠানটির বিনিয়োগকারী স্টারবোর্ড ভ্যালু এলপির সাম্প্রতিক হুমকি।

সম্প্রতি ইয়াহুর শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে কারও নাম উল্লেখ না করে ইয়াহুর সাম্প্রতিক দুঃসময়ের জন্য প্রধান নির্বাহী মারিসা মায়ার আর তার কাছের সহকর্মী দিকে আঙুল তুলেছে বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি। মায়ারের সরে দাঁড়ানো উচিত বলেও দাবি করেছে স্টারবোর্ড। এমনকি শেয়ার বাজারে ইয়াহুর অবস্থার উন্নতি না হলে ইয়াহুর পরিচালনা পর্ষদে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। 

রয়টার্সের তথ্য অনুযায়ী, ইয়াহুর মোট শেয়ারের মধ্যে ০.৭৫ শতাংশ শেয়ারের মালিক স্টারবোর্ড। বাজারে ইয়াহুর অবস্থার অবনতি হওয়ার পর ২০১৪ সাল থেকে প্রতিষ্ঠানটিকে এশিয়ার ব্যবসা বাদ দিয়ে মূল ব্যবসা নিলামে তোলার জন্য চাপ দিয়ে আসছে ওই বিনিয়োগকারী প্রতিষ্ঠানটি।

এ প্রসঙ্গে এখনও ইয়াহুর কোনো আনুষ্ঠানিক মন্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি।।