শুধু রিফট কিনলেই হবে না
অবশেষে প্রযুক্তিপণ্যের বাজারে অভিষেক হল বহুল আলোচিত ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) হেডসেট ‘রিফট’-এর। নিজস্ব ওয়েবসাইটে রিফট-এর ‘সিভি১’ সংস্করণ প্রি-অর্ডার নেওয়া শুরু করেছে নির্মাতা প্রতিষ্ঠান অকুলাস। ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ৫৯৯ ডলার। ক্রেতারা এটি হাতে পাবেন মার্চ মাস নাগাদ।
আগের প্রতিশ্রুতি রক্ষা করে ‘রিফট’-এর সঙ্গে ভালকিরে আর লাকি’স টেইল গেইমগুলো বিনামূল্যে দিচ্ছে অকুলাস। হেডসেটটির সঙ্গে গেইম ছাড়াও কেবল, মুভমেন্ট-ট্র্যাকিং সেন্সর, একটি মিডিয়া রিমোট ও এক্সবক্স ওয়ান কন্ট্রোলার থাকবে। তবে অকুলাস নিয়ম করে দিয়েছে, নিজের জন্য শুধু একটি হেডসেটই কিনতে পারবেন একজন ক্রেতা।
রিফট বিক্রির খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে যেমন আগ্রহ প্রকাশ করেছেন, ঠিক তেমন অনেকে আবার ভিআরটির দাম নিয়ে প্রশ্নও তুলেছেন। প্রত্যাশার তুলনায় ডিভাইসটির দাম বেশি নির্ধারণ করা হয়েছে বলে অভিযোগ তাদের। যুক্তরাষ্ট্রে ৫৯৯ ডলার হলেও, ইউরোপের ক্রেতাদের ডিভাইসটি কিনতে খরচ হবে ৬৯৯ ইউরো। আর যুক্তরাজ্যের বাজারে এর দাম হবে ৪৯৯ পাউন্ড। এর সঙ্গে যোগ করা হয়নি পাঠানোর খরচ। বিবিসি জানিয়েছে, স্থানীয় ভ্যাটও ওই হিসাবের বাইরে রয়ে গেছে বলেই ধারণা করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে বিশ্বের ২০টি দেশে রিফট-এর সিভি১ সংস্করণটি বাজারজাত করবে অকুলাস।
২০১২ সালের এক কিকস্টার্টার ক্যাম্পেইন থেকে যাত্রা শুরু অকুলাস রিফট হেডসেটের। ২০১৬ সালে প্রথম যে দুটি ভিআর হেডসেট বাজারে এল, তার মধ্যে অকুলাস একটি। আর অন্যটি হচ্ছে তাইওয়ানিজ প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচটিসির ভাইভ হেডসেট। চলতি বছরের এপ্রিল মাসে বাজারে আসছে ভাইভ।
অন্যদিকে জানুয়ারির প্রথম সপ্তাহের শুরুতে শেষ হওয়া এক জরিপের তথ্য অনুযায়ী, ভিআর হেডসেটের কেনার পর ডিভাইসটির শতভাগ কার্যক্ষমতার স্বাদ পেতে নিজের কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার আপগ্রেড করতে হবে সিহংভাগ ব্যবহারকারীকে।
ওই জরিপের কাণ্ডারি ছিল গ্রাফিক্স চিপ-নির্মাতা এনভিডিয়া। জরিপ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভিআর ডিভাইস থেকে সেরা অভিজ্ঞতা পাওয়ার মতো সিপিইউ আছে বিশ্বের এক শতাংশ ব্যক্তিগত কম্পিউটারে।
