২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রযুক্তি মেলায় প্রসাধনী নির্মাতা ল’রিয়েল

ত্বকে অতিবেগুনী রশ্মির ক্ষতিকারক প্রভাব নিয়ে অনেকেরই দুশ্চিন্তার শেষ নেই। তাদের জন্যই লাস ভেগাসে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস)-এ স্মার্ট স্কিন প্যাচ ‘মাই ইউভি প্যাচ’ উন্মোচন করেছে প্রসাধন নির্মাতা ল’রিয়েল। ত্বকের উপর ক্ষতিকারক অতিবেগুনী রশ্মির কতটা প্রভাব পরছে তা ‘ট্র্যাক’ করবে ওই স্মার্ট স্কিন প্যাচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজিয়া শারমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 06:26 PM

Updated : 20 Aug 2022, 11:31 AM

চলতি বছর গ্রীষ্মে যুক্তরাজ্যসহ ১৬টি দেশে এই পণ্যটি উন্মুক্ত করা হবে। এটি পাওয়া যাবে একদম বিনামূল্যে। এতে আলোকসংবেদী নীল রঙ আছে যা অতিবেগুনী রশ্মির সংস্পর্শে রঙ পরিবর্তন করবে। ব্যবহারকারী ওই পরিবর্তনের ছবি তুলে একটি নির্দিষ্ট অ্যাপে আপলোড করার মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

২৫ জন বিজ্ঞানী ও গবেষকের একটি দল রয়েছে ল’রিয়েলের যারা নিউইয়র্ক, প্যারিস ও সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন বড় বড় শহরে গবেষণা করছেন। স্কিন প্যাচটি ওই গবেষক দলের গবেষণারই ফসল বলে জানিয়েছে বিবিসি।

প্লাস্টারের চেয়েও পাতলা ওই স্কিন প্যাচটি পাঁচ দিন স্থায়ী হয় এবং শরীরের যে কোনো অংশে ব্যবহার করা যাবে। ল’রিয়েল টেকনোলজি ইনকিউবেটরের ভাইস প্রেসিডেন্ট গুইভ বালুচ এ প্রসঙ্গে বিবিসিকে বলেন, “এটি আপনি আপনার শরীরের যে কোনো অংশেই ব্যবহার করতে পারবেন।” কেন ল’রিয়েল এটিতে আগ্রহ দেখাচ্ছে এবং কেন গ্রাহকেরা এটি ব্যবহার করবেন সেই ব্যাখ্যা দিতে গিয়ে বালুচ বলেন, “এটি আপনাকে ত্বক সম্পর্কে সঠিক তথ্য দেবে এবং সেইসঙ্গে নতুন এই পরীক্ষণ পদ্ধতি ভবিষ্যতে আরও উন্নত পণ্য তৈরিতে আমাদের সাহায্য করবে।”

গবেষণা প্রতিষ্ঠান কেডব্লিউপি কমটেক-এর গবেষক ক্যারোলিনা মিলানেসি এ প্রসঙ্গে বলেন, “ভবিষ্যৎ ল’রিয়েল পণ্যের জন্য এটি বেশ ভালো উদ্যোগ”। তবে বারবার ছবি তুলে অ্যাপে আপলোড করার বিষয়টি ঠিক পছন্দ হয়নি তার। “অ্যাপের মাধ্যমে অতিবেগুনী রশ্মি আমার ত্বকের কতটুকু ক্ষতি করল তা জানার চেয়ে ক্ষতি হওয়ার আগেই এর কারণ জানতে ও ত্বককে রক্ষা করতে বেশি আগ্রহী আমি।”—বলেন তিনি।