২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ১৩০ দেশে নেটফ্লিক্স

বিশ্বের ১৩০টি দেশে নিজস্ব ভিডিও স্ট্রিমিং সেবা চালু করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান নেটফ্লিক্স। লাস ভেগাসে চলতি কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস) ২০১৬-তে যুক্তরাষ্ট্রের বাইরে আরও ১৩০টি দেশে নিজেদের সেবা চালু করা হয়েছে বলে ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রিড হেস্টিংস।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 06:24 PM

Updated : 20 Aug 2022, 11:31 AM

১৩০টি দেশে নিজ সেবা চালু করতে পারলেও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে উত্তর কোরিয়া, সিরিয়া এবং ক্রিমিয়া-তে নিজ সেবা চালু করতে পারেনি প্রতিষ্ঠানটি। অন্যদিকে চীন এখনও সেবাটি চালু করার বিপক্ষে, তবে এ ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছে নেটফ্লিক্স।

১৩০টি দেশে সেবা চালু করার ঘোষণার পাশাপাশি চলতি বছরেই এইচডিআর কনটেন্ট নিয়ে আসার ঘোষণা দিয়েছেন হেস্টিংস। আর ওই ঘোষণার পর পরই বাজারে নেটফ্লিক্স শেয়ারের দাম বেড়েছে ৯ শতাংশ।

বাজার বিশ্লেষক ও পরামর্শক প্রতিষ্ঠান গার্টনার-এর ফার্নান্ডো এলিজাল্ডে এ প্রসঙ্গে বলেন, “আমরা আশা করেছিলাম নেটফ্লিক্স নিজ সেবা সব জায়গায় ছড়িয়ে দেবে, কিন্তু বিষয়টি এত দ্রুত হবে তা আশা করিনি।”

অন্যদিকে চীনে নেটফ্লিক্স সেবা চালু করা নিয়ে দেশটির সরকারের সঙ্গে আলোচনা চলছে তবে উভয়পক্ষের সমঝোতায় পৌঁছাতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন হেস্টিংস। এ প্রসঙ্গে হেস্টিংস-এর বক্তব্য হচ্ছে, “এটি অনেক বড় একটি দেশ এবং আপনারা জানেন শত কোটি চীনা নাগরিকের কাছে আমরা নেটফ্লিক্স সেবা পৌঁছে দিতে চাচ্ছি। কিন্তু চীন সরকারের ব্যবসা পরিচালনাবিষয়ক নিজস্ব আইন রয়েছে, সেগুলো মেনেই কাজ চলছে এবং আমরা এ বিষয়ে ধৈর্য্যশীল।”

চীনে নেটফ্লিক্সের সেবা চালু করার সম্ভাবনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন স্ট্র্যাটেজিক অ্যানালিটিক্স-এর বাজার বিশ্লেষক মাইক গুডম্যান। “এত সহজে চীন অনুমোদন দেবে না, বিশেষ করে যখন তাদের নিজেদেরই এ ধরনের তিনটি সেবা রয়েছে।”—মন্তব্য করেছেন তিনি।

ব্যবসা সম্প্রসারণের পর এখন কোরিয়ান, চাইনিজ এবং আরবিসহ মোট ২১টি ভাষায় ক্যাপশন, সাবটাইটেল এবং বিকল্প অডিও পাওয়া যাবে নেটফ্লিক্সে।