২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জরিমানার মুখে লুমোসিটির নির্মাতা

মিথ্যা প্রচারণার দায়ে ‘ব্রেইন-ট্রেইনিং গেইম’ লুমোসিটি-এর নির্মাতা প্রতিষ্ঠানকে ২০ লাখ ডলার জরিমানা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)। জরিমানা দিতে রাজি হয়েছে গেইমটির নির্মাতা প্রতিষ্ঠান লুমোস ল্যাবস।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 06:22 PM

Updated : 20 Aug 2022, 11:31 AM

গেইমটির প্রচারণায় লুমোস ল্যাবস দাবি করেছিল, আলঝেইমার রোগের লক্ষণ হ্রাসে সাহায্য করবে গেইমটি, খেলার ফলে কর্মক্ষেত্রে আরও দক্ষভাবে কাজ করতে পারবেন এর গেইমাররা। এ ছাড়াও বলা হয়েছিল, গেইমটি স্মৃতিভ্রম, স্ট্রোক ও মস্তিষ্কের জখম সারাতেও সহায়তা করতে পারবে। কিন্তু লুমোস ল্যাবস-এর ওই দাবির পেছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে অভিযোগ করেছিলো এফটিসি।

এফটিসি-এর ওই অভিযোগের বিপরীতে কোনো সংগত প্রমাণ দিতে না পারায় লুমোস ল্যাবস-কে এখন জরিমানার পাশাপাশি নিজেদের গ্রাহকের সাবস্ক্রিপশন সেবাও বাতিল করার সুযোগ দিতে হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। ২০১৫ সালের জানুয়ারিতে বিশ্বব্যাপী তাদের সাত কোটি গ্রাহক রয়েছে বলে জানিয়েছিল প্রতিষ্ঠানটি।

এ প্রসঙ্গে এফটিসি-এর বুরো অফ কনজিউমার প্রোটেকশন-এর পরিচালক জেসিকা রিচ বলেন, “মানুষের বার্ধক্যজনিত বিভিন্ন রোগের ভয়কে উপজীব্য করে চলতো লুমোসিটি।”

২০০৭ সালে চালু হওয়া লুমোসিটিতে মোট ৪০টি অনলাইন গেইম ছিল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়েছিল, গেইমগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেন মস্তিষ্কের বিভিন্ন অংশ আলাদা করে ‘ট্রেইন’ করা সম্ভব হয়। এমনকি নিজেদের বিজ্ঞাপনী প্রচারণাতেও প্রতিষ্ঠানটি দাবি করেছিল, প্রতিদিন ১০ থেকে ১৫ মিনিট করে সপ্তাহে তিন থেকে চার বার গেইমগুলো খেলার মাধ্যমে গেইমাররা উপকৃত হবেন। মিথ্যা প্রচারণার দায়ে লুমোস ল্যাবস-কে ৫ কোটি ডলার জরিমানা করতে চেয়েছিল এফটিসি, কিন্তু প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থার কারণে জরিমানার পরিমাণ কমিয়ে ২০ লাখ ডলার করা হয়েছে। অন্যদিকে তারা এখনও এ বিষয় নিয়ে গবেষণা চালিয়ে যাওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে লুমোস ল্যাবস।