কুকুরের জন্য গেইম কনসোল!
কুকুরের জন্য তৈরি হয়েছে গেইম কনসোল! কুকুরদেরও বিনোদনের প্রয়োজন রয়েছে বলে মনে করে কনসোলটির নির্মাতা প্রতিষ্ঠান ক্লেভারপেট। ভিন্নধারার ওই গেইম কনসোলটির নাম দেওয়া হয়েছে ‘ক্লেভারপেট হাব’।
২০১৬ সালের প্রযুক্তিপণ্য মেলা কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস)-এ ইতোমধ্যেই অন্যান্য স্টার্টআপ প্রতিষ্ঠানের পণ্যকে হারিয়ে ‘স্টার্টআপ পিচ’-এ প্রথম পুরস্কার জিতে নিয়েছে অভিনব ওই গেইম কনসোলটি।
প্লাস্টিকের ‘দ্য ক্লেভারপেট হাব’ দেখতে অনেকটা গম্বুজের মতো। এতে ফ্ল্যাশ লাইট, স্পিকারের পাশাপাশি খেলা শেষে কুকরকে শুকনো খাবারও দেওয়ার ব্যবস্থাও আছে। গেইম খেলায় টাস্ক সম্পন্ন করতে পারলেই পুরস্কার হিসেবে ওই শুকনো খাবার পাবে কুকুরটি। কনসোলটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়, চালানোর জন্য আছে আলাদা সফটওয়্যার এবং সারাদিন চলবে বলে জানিয়েছেন ক্লেভারপেট-এর সহ-প্রতিষ্ঠাতা লিও ট্রটিয়ার।
ট্রটিয়ার কনসোলটির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বলেন, “আমাদের অধিকাংশই কখনো পরিবারের কোনো সদস্যকে সারাদিনের জন্য বাড়িতে একা রেখে তাকে পুরো সময় ঘুমাতে বলবো না। কিন্তু পোষা কুকুরের ক্ষেত্রে তাই করি আমরা। মানুষ রেডিও কিংবা টেলিভিশন চালু রেখে যান আর আশা করেন পোষা কুকুরটি বাসায় ভালোই আছে।”
কনসোলটিতে বর্তমানে দুটি গেইম রয়েছে। এর মধ্যে প্রথম গেইমটির নাম হচ্ছে ‘ক্যাচ দ্য স্কোয়ারেল’। এতে কনসোলের ফ্ল্যাশ লাইটের মাধ্যমে আলো ফেলা হবে, কুকুরটিকে সেখানে ঠিক সময়ে নিজ থাবা রাখতে হবে। দ্বিতীয় গেইমটির নাম দেওয়া হয়েছে ‘প্যাটার্ন প্ল্যান’। এর মাধ্যমে কুকুরের জন্য বিভিন্ন জটিল প্যাটার্নে আলো ফেলা হবে এবং প্যাটার্নের ওই আলো নিয়ে খেলে কুকুরটিকে ওই গেইমে জিততে হবে।
২০১৪ সালে এক কিকস্টার্টার ক্যাম্পেইন দিয়ে যাত্রা শুরু ‘ক্লেভারপেট হাব’-এর। সেই সময়ই জনপ্রিয় হয়েছিল কনসোলটির মূল ভাবনা। কিকস্টার্টার ক্যাম্পেইন থেকে মোট ১ লাখ ৮০ হাজার ডলার সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন এর নির্মাতারা। সংগৃহীত তহবিলের পরিমাণ কাঙ্খিত তহবিলের চেয়েও ৮০ হাজার ডলার বেশি ছিল বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ওয়্যার্ড ডটকম।
ভিন্নধর্মী ওই গেইমিং কনসোলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৯৯ ডলার। কনসোলটি আগামী কয়েক মাসের মধ্যেই বাজারজাত করার পরিকল্পনা করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি।
