১৪০ নয়, টুইটারে এবার হাজার অক্ষর
টুইট লেখার ক্ষেত্রে অক্ষরের সীমা বাড়াতে যাচ্ছে মাইক্রোব্লগিং সেবা টুইটার। মাইক্রোব্লগিং সেবাটিতে হয়তো ১০ হাজার অক্ষরে পোস্টও লেখা যাবে খুব শিগগিরই। টুইটের ক্ষেত্রে এখনও ১৪০টির বেশি অক্ষর লেখা যায় না।
টুইটারের ১০ হাজার অক্ষরের নতুন এই ফিচারের বদৌলতে ব্যবহারকারীরা প্রায় ১ হাজারের বেশি শব্দের টুইট পোস্ট করতে পারবেন বলে জানিয়েছে রয়টার্স। এক্ষেত্রে শব্দের মাঝে ফাঁকা জায়গা এবং বিরামচিহ্নও অক্ষর হিসেবে বিবেচনা করা হবে।
এ বছরের প্রথম প্রান্তিকের মধ্যেই ফিচারটি চালু করতে পারে টুইটার। তবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ ঠিক করেনি প্রতিষ্ঠানটি। ১০ হাজার অক্ষরের কথা বলা হলেও, চূড়ান্ত সংস্করণ আসার আগে ওই অক্ষর সীমা পরিবর্তন করা হতে পারে বলে জানিয়েছে তারা।
১৪০টির বেশি অক্ষর রয়েছে এমন এক স্ক্রিনশট পোস্ট করেছেন টুইটার প্রধান জ্যাক ডরসি। সেখানে তিনি বলেন, “টুইটারে মানুষকে আরও বেশি সুযোগ ও ক্ষমতা দিতে আমরা মোটেও সঙ্কোচবোধ করব না।”
ডরসির তত্ত্বাবধানে বর্তমানে টুইটার বেশকিছু ফিচার পরীক্ষামূলক পর্যায়ে আছে। ডরসি টুইটার প্রধানের স্থানে ফিরে আসার পরে ‘মোমেন্টস’ ফিচার, পোলস টু টুইটস, বাই বাটন আর ‘হৃদয়’ আকৃতির ‘লাইক’ বাটন চালু করেছে সাইটটি।
২০১৫ সালে টুইটারের গ্রাহক বৃদ্ধির হার ছিল সবচেয়ে ধীর গতির। এ বছর সাইটটির মোট গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৩০ কোটি।
