শুরু হচ্ছে স্মার্টফোন ও ট্যাব মেলা
ক্রেতাদের সঙ্গে ‘সর্বাধুনিক স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের পরিচয় করিয়ে দিতে’ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৬’। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনব্যাপি ওই মেলা চলবে শনিবার পর্যন্ত।
বৃহস্পতিবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তবে সকাল ১০টা থেকেই মেলা শুরু হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান এক্সপো মেকার।
স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে দেশে এটি পঞ্চম প্রদর্শনী। স্যামসাং, সিমফনি, হুয়াওয়ে, এলিট, হেলিও, স্টাইলাস, গোল্ডবার্গ, আসুস, লেনোভো, মাইসেল, টুইনমস, প্রেস্টিজিও, শিয়াওমি, গ্যাজেট গ্যাং সেভেনসহ বিভিন্ন ব্র্যান্ড মেলায় অংশ নেবে।
প্রদর্শনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দেবে বলে জানিয়েছেন মেলার সমন্বয়ক নাহিদ হাসনাইন সিদ্দিকী। মেলায় ক্রেতারা সর্বাধুনিক স্মার্ট ডিভাইস যাচাই বাছাই করে দেখতে ও কিনতে পারবেন।
মেলা উপলক্ষ্যে আয়োজনটির ফেইসবুক পেইজে চালু করা হয়েছে ‘এসটিই কুইজ কনটেস্ট ২০১৬’। কুইজ বিজয়ীরা স্যামসাং, আসুস জেনফোন ২ এবং এলিট মোবাইল ও হুয়াওয়ে-এর স্মার্টফোন জিতে নিতে পারবেন।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।
