২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক-টুইটারে বর্ণবাদবিরোধী ঝড়

পেনি স্প্যারো নামের এক দক্ষিণ আফ্রিকান শ্বেতাঙ্গ নারী ফেইসবুকে এক কমেন্টে কৃষ্ণাঙ্গদের ‘বানর’ বলায় বিক্ষোভের ঝড় উঠেছে ফেইসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাজিয়া শারমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 04:41 PM

Updated : 20 Aug 2022, 11:30 AM

ডারবান সমুদ্র সৈকতে নববর্ষ উদযাপনের অনুষ্ঠানে হৈচৈ করতে থাকা একদল কৃষ্ণাঙ্গকে উদ্দেশ্য করে ফেইসবুকে ‘বানর’ বলে কমেন্ট করেন তিনি। অবশ্য তার দাবি, রসিকতা করে তাদের হৈচৈ এর বর্ণনা করতে গিয়েই তিনি এটি বলেছিলেন। কিন্তু ওই কমেন্টটি বিভিন্ন সামাজিক মাধ্যমে বিক্ষোভের ঝড় তুলেছে, অভিযোগ উঠেছে বর্ণবাদের। সামাজিক মাধ্যমগুলোতে ওই নারীর প্রতি নিন্দা জানিয়েছেন অনেকেই। টুইটারে শুরু হয়েছে তার প্রতি নিন্দা জানিয়ে হ্যাশট্যাগ #RacismMustFall লিখে টুইটের প্রচলন।

পরে অবশ্য স্প্যারো তার পোস্টটি মুছে ফেলে এর জন্য ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, “ভুল সবারই হয়”। স্থানীয় একটি ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি ওদেরকে বানরের সঙ্গে তুলনা করে ভুল করেছি। আমার মনে হয় বানরেরা আদুরে আর দুষ্টু প্রকৃতির প্রাণী। কিন্তু তারা আমার কথাটি ওই ভাবে নেয়নি। আমাকে ভুল বুঝেছে। কিন্তু আমি এমনটি বলেছি কারণ আমি পশুপাখি ভালবাসি”।

সাউথ আফ্রিকান হিউম্যান রাইটস কমিশন বর্তমানে অভিযোগটির বিষয়ে তদন্ত করছে বলে জানিয়েছে বিবিসি।

এখানেই থেমে থাকেনি বিষয়টি। আফ্রিকান রাজনীতিবিদরাও জড়িয়ে পড়েছেন এর সঙ্গে। স্প্যারো দক্ষিণ আফ্রিকার বিরোধীদল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ)-এর একজন সদস্য। ডিএ প্রধান মুমসি মাইমানি টুইট করে বলেন, “কমেন্টগুলো বর্ণবাদী ছিল আর সেটি অবশ্যই আমার ও আমাদের দলের জন্য অপমানজনক।”

“দক্ষিণ আফ্রিকানদের মর্যাদা লঙ্ঘন ও কৃষ্ণাঙ্গদের প্রতি অমানবিক ব্যবহারের জন্য” স্প্যারোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার কথাও বলা হয়েছে দলটির পক্ষ থেকে।

ক্রীড়ামন্ত্রী ফিকিলে এমবালুলা এক টুইটে স্প্যারোকে ‘একজন অনুতাপহীন বর্ণবাদী’ বলে মন্তব্য করেছেন।

সাউথ আফ্রিকান হিউম্যান রাইটস কমিশন-এর মুখপাত্র আইজ্যাক ম্যানজেনা বলেন, “দক্ষিণ আফ্রিকায় গণতন্ত্রের ২২ বছর হয়ে গেলেও বর্ণবাদী মন্তব্য আর কাজ এখনও বর্তমান। স্প্যারোর ওই ঘটনাটি ছড়িয়ে গেছে আর অনেকেই এতে ক্ষুদ্ধ। জাতিবিদ্বেষী সরকারের নিপীড়িত লাখ লাখ মানুষদের সেই পুরনো বিদ্বেষ আবার জেগে উঠেছে।”

দক্ষিণ আফ্রিকাতে ১৯৯৪ সালে নির্বাচনের মাধ্যমে প্রথম গণতান্ত্রিক সরকারের ক্ষমতায় আসার মাধ্যমে দেশটিতে বর্ণবাদের অবসান হয়।