২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিইএসে টেসলা প্রতিদ্বন্দ্বীর সারপ্রাইজ!

চলতি কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস)-এনিজেদের প্রথম ‘কনসেপ্ট ভেইকল’ উন্মোচন করেছে ক্যালিফোর্নিয়াভিত্তিক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘ফ্যারাডে ফিউচার’। নিজেদের কর্মকাণ্ড আর অগ্রগতি নিয়ে সবসময়ই গোপনীয়তা বজায় রেখে চলে প্রতিষ্ঠানটি। তাই সিইএসে প্রতিষ্ঠানটির নতুন ‘কনসেপ্ট ভেইকল’ অনেকের জণ্যেই ছিল ‘সারপ্রাইজ’।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 04:21 PM

Updated : 20 Aug 2022, 11:30 AM

সোমবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুরু হওয়া সিইএস ২০১৫-তে গাড়িটি উন্মোচন করে প্রতিষ্ঠানটি।

এফএফজিরো১ নামের এই এক আসনের গাড়ির ইঞ্জিন ১ হাজার অশ্বক্ষমতা পর্যন্ত উৎপাদনে সক্ষম বলে জানিয়েছে ফ্যারাডে ফিউচার। বাণিজ্যিকভাবে উৎপাদিত প্রতিষ্ঠানটির প্রথম গাড়ি কেমন হবে তার কিছুটা ইঙ্গিত ওই গাড়ি থেকে পাওয়া যায়। আশা করা হচ্ছে এফএফজিরো১-এর বাণিজ্যিক সংস্করণটি আরও ‘বাস্তবমুখী’ হবে-- জানিয়েছে সিএনএন।

ফ্র্যারাডে ফিউচার তাদের গাড়ির প্রকৌশল নিয়ে কী ধরনের পরিকল্পনা করছে তা ওই কনসেপ্ট ভেইকল অনেকটাই বোঝা যায়। এফএফজিরো১-এ রাখা হয়েছে বিশেষ চেসিস, যা বড় বা ছোট করা যায়। এর ফলে এতে বিভিন্ন আকারের ব্যাটারি প্যাক রাখা যাবে। সেই সঙ্গে আকার বদলানোর সুযোগ থাকায় বিভিন্ন আকারের গাড়িতেও ব্যবহার করা যাবে এই চেসিস। এই চেসিস এক থেকে চারটি মোটর ব্যবহার করতে সক্ষম, এতে করে টু-হুইল আর ফোর-হুইল ড্রাইভ দুই ধরনের গাড়িতেই এটি ব্যবহার করা যাবে।

ফ্যারাডে ফিউচারের ডিজাইন প্রধান রিচার্ড কিম বলেন, “মজবুত হওয়ার জন্য আপনার কিছু ত্যাগ করতে হবে না। এটি শতভাগ মজবুত, বৈদ্যুতিক দূষণ সৃষ্টি না করা যান, আর এটি ১ হাজার অশ্বক্ষমতার সমান শক্তিশালী হতে পারে।”

এর আগে কিম জার্মান অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ-এ কাজ করতেন। সেখানে তিনি প্রতিষ্ঠানটির আই৩ আর আই৪ প্লাগ-ইন গাড়ি নকশা করেছিলেন। কিম ছাড়াও ফেরারি আর টেসলার মতো গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোতে কাজ করা প্রকৌশলী আর ডিজাইনারদের নিয়োগ দিয়েছে ফ্যারাডে ফিউচার।