ফিরছে কোডাক
নতুন সুপার ৮ ক্যামেরা নিয়ে বাজারে ফিরছে ২০১২ সালে দেউলিয়া ঘোষিত প্রতিষ্ঠান কোডাক। ক্যামেরার খোঁজ রাখেন কিন্তু কোডাক-এর নাম অজানা, এমন মানুষ হয়তো বিশ্বে পাওয়া খুব বেশি নেই। এক সময় ক্যামেরার জগতে বিপ্লব ঘটিয়েছিল প্রতিষ্ঠানটি।
নতুন এই ক্যামেরাটির মাধ্যমে আবার ‘ওল্ড-স্কুল’ ভিডিও ফরম্যাট বাজারে নিয়ে আসার এবং নিজেদের সব ব্যবসা পুনরায় চাঙা করে তোলার আশা করছে প্রতিষ্ঠানটি। তবে ক্যামেরাটিকে ঠিক নতুন বললে ভুল হবে। কারণ, ১৯৬৫ সালে সুপার ৮ মিলিমিটার ক্যামেরা তৈরি করেছিল কোডাক এবং ৮০-এর দশক পর্যন্ত ক্যামেরাটি ‘হোম ভিডিও’-এর জন্য বেশ জনপ্রিয় ছিল।
কোডাক নতুন সুপার ৮ মডেল ক্যামেরার জন্য জোট বেঁধেছে ডিজাইনার ইভস বেহার-এর সঙ্গে। মার্কিন টেক জায়ান্ট অ্যাপল থেকে শুরু করে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটর্স, হার্মান মিলার, মোভাডো, প্রাডা ও স্যামসাংয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে বেহার-এর। এ ছাড়াও তিনি ফিটনেস-ব্র্যান্ড নির্মাতা জবোন-এর প্রধান ক্রিয়েটিভ কর্মকর্তা ও স্মার্ট-লক নির্মাতা অগাস্ট-এর সহ-প্রতিষ্ঠাতা।
সুপার ৮ ক্যামেরার এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘ফিউসপ্রজেক্ট’, প্রকল্পটির শুরু ১৯৯৯ সালে। প্রকল্পটির অধীনে মোট দুটি ক্যামেরা নিয়ে আসার পরিকল্পনা রয়েছে কোডাক ও বেহার-এর। এর মধ্যে একটি হবে উচ্চ মূল্যের ও অন্যটি স্বল্প মূল্যের। উচ্চ মূল্যের ক্যামেরাটির মূল্য এক হাজার ডলারের বেশি হবে এবং স্বল্প মূল্যের ক্যামেরাটির মূল্য সম্পর্কে এখনও তেমন কিছু জানা যায়নি, তবে এর মূল্য হাজার ডলারের তুলনায় কম হবে বলে ধারণা করা হচ্ছে।
সম্পূর্ণ বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও, চলতি বছরের প্রযুক্তিপণ্য মেলা ‘কনজিউমার ইলেকট্রনিক্স শো’-তে (সিইএস) নতুন ক্যামেরার প্রোটোটাইপ দেখানোর পরিকল্পনা করেছে কোডাক। ক্যামেরাটিতে চলচ্চিত্র নির্মাতাদের জন্য বেশ কিছু কার্যকরী ফিচার থাকবে বলেও জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।
নিজেদের নতুন ক্যামেরা প্রসঙ্গে কোডাক জানিয়েছে, ‘সুপার ৮ রিভাইভাল ইনিশিয়েটিভ- শুধু নতুন একটি ক্যামেরার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেয়েও আরও বড় অনেক একটি বিষয়।’ এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই ক্যামেরার শ্রেণিবিভাগের একটি ‘রোড ম্যাপ’ করেছে। এসব বাদেও ফিল্ম ডেভেলপমেন্ট সেবা, পোস্ট প্রোডাকশন টুলস এবং আরও অনেক কিছু যোগ করা হয়েছে ক্যামেরাটিতে। এ প্রসঙ্গে কোডাক-এর প্রধান নির্বাহী জেফ ক্লার্ক বলেন, “বিষয়টি চলচ্চিত্রের জন্য একটি ইকোসিস্টেম-এর মতো। সুপার ৮-এর ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে চলচ্চিত্রকে মাধ্যমে হিসেবে উপভোগ ও সমাদর করার নতুন সুযোগ করে দিচ্ছে ‘কোডাক’।”
১৯৭৬ সালে ফিল্ম ব্যবসায়ের ৯০ শতাংশ এবং ক্যামেরা বাজারের ৮৫ শতাংশ কোডাক-এর দখলে ছিল বলে উঠে এসেছে হার্ভার্ড বিজনেস স্কুল কেইস স্টাডির এক গবেষণায়। পরে ফিল্ম ফটোগ্রাফির স্থানে ডিজিটাল ফটোগ্রাফি চলে আসায় বড় ধরনের ব্যবসায়িক ধাক্কা খেয়েছিল প্রতিষ্ঠানটি। অবশেষে ২০১২ সালে নিজেদের দেউলিয়া ঘোষণা করে কোডাক।
