ফিটবিটজ-এর নতুন ট্র্যাকার ‘ব্লেজ’
ওয়্যারেবল টেকনোলজির জগতে অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয় ফিটবিটজকে। বলা হয়ে থাকে বিশ্বের সিংহভাগ ব্যবহারকারীকে ‘ওয়্যারেবল টেকনোলজি’ পণ্যের সঙ্গে পরিচয় ওই প্রতিষ্ঠানটির হাত ধরে।
বাজারে মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের ‘অ্যাপল ওয়াচ’-এর অভিষেকের পর কিছুটা হলেও ধাক্কা খেয়েছিল ফিটবিটজ। অ্যাপলকে সেই ধাক্কার উত্তর দিতেই নাকি এবারের সিইএসে নতুন ‘ব্লেজ’ ফিটনেস ট্র্যাকার নিয়ে এসেছে ফিটবিটজ।
মূলত ফিটনেস ট্র্যাকার হলেও ‘ব্লেজ’-এর বেশ কয়েকটি ফিচার-এর সঙ্গে ‘অ্যাপল ওয়াচ’-এর ফিচারের মিল রয়েছে বলে জানিয়েছে ওয়্যার্ড ডটকম। রঙিন টাচ স্ক্রিন আছে ‘ব্লেজ’-এ। ইচ্ছে মতো পাল্টানো যাবে এর রিস্টব্যান্ড, আর ডিজাইনও নাকি পছন্দ হওয়ার মতোই। ফোন কল রিসিভ করা আর কেটে দেওয়া, ক্যালেন্ডার সিঙ্ক করা আর গান শোনার মতো ফিচারও আছে এতে।
পাল্টানো যাবে ডিভাইসটির স্ক্রিনের কেসিংও। স্টিল বা সোনালি রঙের কেসিং নিজের পছন্দ মতো পাল্টে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারী। তবে জিপিএস ট্র্যাকার নেই এতে। ফলে ব্যায়াম বা দৌঁড়ানোর সময় মোবাইল ফোন সঙ্গে রাখতেই হবে। বাজারে ডিভাইসটির সর্বনিম্ন দাম হবে ২০০ ডলার।
তবে দিন শেষে স্মার্টওয়াচ নয়, ‘ব্লেজ’ একটি ফিটনেস ট্র্যাকার। ফেইসবুক অ্যাপ চলবে না এতে। তবে দৈনিক ব্যায়াম, শারীরিক পরিশ্রম, হৃদস্পন্দন, কতোখানি হাঁটা হল সারা দিনে, এমন সব ডেটা সংগ্রহ করে ব্যবহারকারীর ফোনে পাঠাবে ডিভাইসটি। একবারের চার্জে চলবে ৫ দিন।
ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (আইডিসি)-এর দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৫ সালের তৃতীয় প্রান্তিকে অ্যাপল ওয়াচের থেকে খুব বেশি পিছিয়ে ছিল না ফিটবিটজের ফিটনেস ট্র্যাকার। ডিভাইসটির বিক্রি বেড়েছিল তিন গুণ, বাজারে মোটে ১০ লাখ বেশি অ্যাপল ওয়াচ বিক্রি করেছিল অ্যাপল।
ফিটনেস ট্র্যাকারের বিশ্ববাজারে ফিটবিটজের এখনও রয়েছে একচ্ছত্র আধিপত্য। বিশ্বব্যাপী বিক্রি হওয়া ফিটনেস ট্র্যাকারের মধ্যে ৮৫ শতাংশই ফিটবিটজের তৈরি।
