ম্যালওয়্যার আক্রমণে ইউক্রেইনে ‘ব্ল্যাকআউট’
সাইবার অপরাধীদের তৈরি ‘ব্ল্যাকএনার্জি ট্রোজান’ ম্যালওয়্যারের শিকার হয়ে বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পরেছিল ইউক্রেইনের কয়েক হাজার নাগরিক।
ম্যালওয়্যারটির কারণে অফলাইনে চলে গিয়েছিল একাধিক স্থানীয় বিদ্যুৎ উপকেন্দ্র। ২৩ ডিসেম্বর হ্যাকারদের কারণে ইউক্রেইনের নাগরিকরা ওই বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয় বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
২০০৭ সালে ‘ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস (ডিডিওএস)’ আক্রমণের টুল হিসেবে ‘ব্ল্যাকএনার্জি ট্রোজান’ এর উৎপত্তি বলে জানিয়েছে ওয়্যার্ড ডটকম। পরবর্তীতে এটি ম্যালওয়্যার হিসেবে ডেভেলপ করে হ্যাকাররা।
পশ্চিম ইউক্রেইনের ইভানো-ফ্রাসকিভস্ক অঞ্চলের বিদ্যুৎ উপকেন্দ্রগুলো অচল করে দিতে হ্যাকারদের ব্যবহৃত ম্যালওয়্যারটির কোডের নমুনা সংগ্রহ করেছে সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান আইসাইট পার্টনার্স এবং ড্রাগোস সিকিউরিটি।
অ্যাশলে ম্যাডিসন, উবার এবং টকটক-এর মতো প্রতিষ্ঠান, যারা বিশাল গ্রাহক ডেটা নিয়ে কাজ করে তাদের উপর সাইবার আক্রমণের ঘটনা লক্ষ্যণীয় হারে বেড়েছে সাম্প্রতিক সময়ে। সে তুলনায় শিল্পকারখানায় সাইবার আক্রমণের ঘটনা ঘটছে তুলনামূলক কম।
ইউক্রেইনের সাম্প্রতিক ঘটনা বাদ দিলে গত এক দশকে সাইবার আক্রমণের ফলে শিল্পকারখানায় যান্ত্রিক ক্ষতির ঘটনা ঘটেছে দুটি। ২০০৮ সালে সাইবার আক্রমণের শিকার হয়ে ক্ষতিগ্রস্থ হয়েছিল ইরানের একটি ইউরেনিয়াম প্ল্যান্ট। আর সর্বশেষ ২০১৫ সালে সাইবার হামলার শিকার হয়েছিল জার্মানীর একটি ইস্পাত কারখানা। হ্যাকাররা কারখানার ব্ল্যাস্ট ফারনেসের নিয়ন্ত্রণ ব্যবস্থা নষ্ট করে দেওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পরে কারখানাটি।
ইউক্রেইনের ওই ম্যালওয়্যার আক্রমণকে ‘বিধ্বংসী ঘটনা’ হিসেবে বিবেচনা করছেন আইসাইটের শীর্ষ কর্মকর্তা জন হাল্টকুইস্ট। “এটা একটা বড় ঘটনা এবং আমরা সবাই এর আশঙ্কা করছিলাম।”--মন্তব্য করেন তিনি।
বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার উপর সাইবার হামলা নিয়ে আশঙ্কিত রাজনীতিবিদরাও। নভেম্বর মাসেই যুক্তরাজ্যকে এমন হামলা থেকে রক্ষা করার জন্য প্রায় ২শ’ কোটি পাউন্ডের তহবিল গঠনের ঘোষণা দেন চ্যান্সেলর জর্জ অসবর্ন।
“যদি সব আলো বন্ধ হয়ে যায়, ব্যাংকের কাজ বন্ধ হয়ে যায়, হাসপাতালগুলো সেবা দিতে না পারে তবে আদতে দেশের সরকারই অকার্যকর হয়ে পরে, যা সামাজিক বিপর্যয় ডেকে আনবে।”--এভাবেই বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার উপর সাইবার হামলার ফলাফল নিয়ে নিজের ভীতির কথা জানান অসবর্ন।
সাইবার হামলার মূল হোতা এখনও চিহ্নিত করতে পারেনি ইউক্রেইন। তবে প্রায় তাৎক্ষণিকভাবে দেশটি সন্দেহের আঙুল রাশিয়ার দিকে তুলেছিল বলে জানিয়েছে ওয়্যার্ড ডটকম।
